প্রাধ্যক্ষকে ছাত্রলীগ নেতার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ রুহুল আমীনকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হলের আসন বণ্টন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিনজন নেতা তাঁকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

আজ বুধবার দুপুরে ত্রিশাল থানায় হুমকির বিষয়টি উল্লেখ করে ওই তিন নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন প্রাধ্যক্ষ (প্রভোস্ট) মুহাম্মদ রুহুল আমীন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করেন।

অভিযোগ ওঠা ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজুর রাজ্জাক অনিক, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি নূরে রাব্বী মোরাদ।

জিডিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র হল অগ্নিবীণায় মোট ২১৬টি আসন রয়েছে। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আসন বণ্টন করা হয়। এ সময় মাহফুজুর রাজ্জাক, নয়ন মণ্ডল ও নূরে রাব্বী মোরাদ প্রাধ্যক্ষের কাছে নিজের কর্মীদের জন্য ২০-৩০টি আসন দাবি করেন। তবে তাঁদের চাহিদামতো আসন দিতে অস্বীকৃতি জানান রুহুল আমীন। এ ঘটনায় বেশ কিছু দিন ধরেই অভিযুক্ত তিনজন তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নূরে রাব্বী ক্যাম্পাসের শিক্ষক ও কর্মকর্তা বাসভবন-২-এর সামনে রুহুল আমীনকে দেখে অশালীন ভাষায় কটূক্তি করেন। হলের আসন না দেওয়ায় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। আজ দুপুরে মাহফুজুর রাজ্জাক ও নয়ন মণ্ডল আলাদাভাবে মুঠোফোনে তাঁকে হুমকি দেন। তাঁকে গুলি করার হুমকিও দেন তাঁরা।

রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ‘হলে সিট না দেওয়ায় বেশ কিছু দিন ধরেই ওই তিনজন আমাকে গুলি করার হুমকি পর্যন্ত দিচ্ছেন। বাধ্য হয়ে গতকাল থানায় জিডি করি।’

এ বিষয়ে জানতে চাইলে মাহফুজুর রাজ্জাক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি হলের প্রভোস্টের কাছে কোনো আসন দাবি করিনি। গতকাল দুপুরে মুঠোফোনে শুধু জানতে চেয়েছি—কোন নিয়মের ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।’

আরেক শিক্ষার্থী নয়ন মণ্ডল বলেন, ‘প্রভোস্টকে হুমকি দিইনি। আমাদের ছেলেরা (কর্মী) সিট পেয়েছে কি না, সেটা জানতে চেয়েছি।’

অপর ছাত্র নূরে রাব্বী মোরাদের মুঠোফোনে যোগাযোগ করলে তা বন্ধ পাওয়া যায়।