প্রাধ্যক্ষকে সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের পাঠকক্ষ, অপরিচ্ছন্ন শৌচাগার, ভাঙা রাস্তাসহ বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্‌ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমানকে শনিবার রাতে সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ওই হল শাখার ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা প্রাধ্যক্ষের অপসারণ দাবি করেন।

অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতাদের ‘অনৈতিক আবদার’ না মেটানোর কারণে তাঁরা অব্যবস্থাপনার অজুহাতে প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের শহীদুল্লাহ্‌ হল শাখার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক খন্দকার শহীদুজ্জামানের নেতৃত্বে ওই হলের শিক্ষার্থী ও ছাত্রলীগের একদল কর্মী শনিবার রাত সাড়‌ে নয়টার দিকে প্রাধ্যক্ষের কক্ষের বাইরে বিক্ষোভ শুরু করেন। এ সময় প্রাধ্যক্ষ ভেতরে আটকা পড়েন। রাত একটার সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী এসে ছাত্রলীগের কর্মীদের শান্ত করেন। এরপর তাঁরা প্রাধ্যক্ষের অপসারণের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন।

অবরোধকারীদের কয়েকজন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত তিনটার দিকে হলে একটি গাড়ি ঢোকে। পরদিন রাত নয়টার দিকে তাঁরা এ বিষয়ে অভিযোগ করতে গেলে প্রাধ্যক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

রাতে মুক্ত হওয়ার পর হল প্রাধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমি শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। তাঁদের দাবি পূরণের ব্যবস্থা করা হবে।’ তাঁকে অবরুদ্ধ করে রাখার অন্য কোনো কারণ আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি কিছু বলতে রাজি হননি।

এদিকে হলের একাধিক আবাসিক শিক্ষক ও ছাত্রলীগের একটি সূত্র জানায়, হলের কয়েকটি শূন্যপদে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগের জন্য বেশ কয়েক দিন ধরে প্রাধ্যক্ষকে চাপ দিয়ে আসছিলেন হল শাখার ছাত্রলীগের নেতারা। এ ছাড়া চাঁদা না পেয়ে হলের বর্ধিত ভবন-১-এর সংস্কারকাজও বন্ধ করে দেন তাঁরা। হলের পাঠকক্ষের জন্য চেয়ার কিনে রাখলেও নেতাদের না জানিয়ে কেনাকাটা করায় সেগুলো বসাতে দিচ্ছে না ছাত্রলীগ।

জানতে চাইলে ছাত্রলীগের হল শাখার সভাপতি আমিনুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেন। শূন্যপদে তাঁদের পছন্দের প্রার্থীর নিয়োগের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘নিয়োগ তো দরকারই। অনেকগুলো পদ ফাঁকা আছে।’ আর সংস্কারকাজ বন্ধের বিষয়ে তিনি দাবি করেন, শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা না করে সংস্কার করা হচ্ছিল। তাই শিক্ষার্থীরা কাজ বন্ধ করে দিয়েছেন।