প্রান্তিক কৃষকের লাউ, শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক প্রান্তিক কৃষকের পৌনে তিন বিঘা জমির লাউ, শিম ও লিচুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর গ্রামের কৃষক লিটন বিশ্বাসের খেতে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়।
ক্ষতিগ্রস্ত লিটন বিশ্বাস জানান, কয়েক বছর ধরে তিনি বাড়ির পাশের জমিতে বাণিজ্যিক ভিত্তিতে লাউ, শিম ও লিচু চাষ করে আসছেন। এবার ১৫ কাঠা জমিতে লিচু, পাশের এক বিঘায় লাউ ও আরেক বিঘায় শিম চাষ করেছেন। জমি চাষ ও পরিচর্যা করতে এ পর্যন্ত তাঁর তিন লাখ টাকা খরচ হয়েছে। এ জন্য তিনি বেশ কিছু টাকা ঋণও নিয়েছেন। শিমগাছে এবার প্রচুর ফুল ও ফল এসেছিল। মঙ্গলবার হাটে তিনি শিম বিক্রি করে তিন হাজার টাকা আয়ও করেন। লিচুর গাছগুলো বড় হয়ে উঠছে। আগামী বছর থেকে ফলন হতো। ২০০ লাউগাছ লাগানো হয়েছিল বাগানে। এগুলোতে লাউও ধরতে শুরু করেছিল। বুধবার সকালে তিনি শিমের জমিতে কাজ করতে গিয়ে দেখেন বাগানের সব লাউগাছ ও শিমগাছ এবং ১৩টি লিচুগাছ গোড়া থেকে কাটা। কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে এগুলো কেটে ফেলেছে, তা তিনি বুঝতে পারছেন না। এতে তাঁর সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
লিটন বলেন, এমনিতে অভাবের কারণে তাঁর দুই সন্তানের লেখাপড়ার খরচ এবং বৃদ্ধ বাবা-মা, ভাইসহ সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এ অবস্থায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তাঁর কোনো শত্রুও নেই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, বুধবার রাতে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। সেখানে পুলিশও পাঠানো হয়। লিটন খুবই গরিব কৃষক। তাঁর বেশ আর্থিক ক্ষতি হয়েছে। তাই মানবিক বিবেচনায় দ্রুত অপরাধী শনাক্ত করার জন্য পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেনকে নির্দেশ দেওয়া হয়েছে।