প্রার্থনা কক্ষে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ কর্মসূচি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষে ভাঙচুরের ঘটনায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা মহান স্বাধীনতা দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে এ ঘটনার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কিছু কর্মীর বিরুদ্ধে ওই প্রার্থনা কক্ষ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই ভাঙচুর চালানো হয়। তবে কেন এই ভাঙচুর করা হয়েছে—সে বিষয়ে কিছু জানা যায়নি।
সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা সাংবাদিকদের বলেন, ভাঙচুরের ঘটনার প্রতিবাদে তাঁরা আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কালো ব্যাজ ধারণ করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রার্থনা কক্ষেÿহামলাকারীদের বিচারের দাবিতে আগামী ২৭ মার্চ রোববার বেলা ১১টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করবেন তাঁরা। একই সঙ্গে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তির দাবিও জানাবেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অলি উল্লাহ এক সংবাদ বিবৃতিতে এ দাবি জানানো হয়।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস সাংবাদিকদের বলেন, ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা কর্মী জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর মাহবুবুর রহমান বলেন, ঘটনার তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।