প্রার্থিতা প্রত্যাহারের চাপ, ফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য স্থানীয় যুবলীগের নেতা চাপ দিচ্ছেন বলে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। আজ বুধবার নির্বাচন কমিশনে তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহ জাকির হোসেনের ছোট ভাইকে মুঠোফোনে প্রার্থিতা প্রত্যাহারের চাপ দেন। প্রার্থিতা প্রত্যাহার না করলে মামলা দিয়ে পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও জানমালের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আবেদনের সঙ্গে তিনি হুমকি দেওয়া-সম্পর্কিত মুঠোফোনের কথোপকথন সিডি আকারে জমা দিয়েছেন।

কমিশন সচিবালয় থেকে জানা যায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহর ভাই মাহফুজুল হক একই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। সে জন্য জিন্নাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য জাকির হোসেনকে হুমকি দিয়ে যাচ্ছেন।

কমিশনে সিডি আকারে জমা দেওয়া কথোপকথনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেনের ছোট ভাইকে জিন্নাহ বলেন, ‘আমার ১১টা ইউনিয়নের প্রার্থী পাস করাইতে, যদি আমার নির্দেশ আসে, আমার যা করার দরকার আমি তা করমু। কায়দা-কৌশল অনেক কিছু হইতে পারে। তখন তো তোমরা আমার দোষটা দিতে পারবা না। থ্রেড করা না। থেড্র মারা হইলে তো মিয়া কাগজই সাবমিট করতে পারতা না।’

জিন্নাহ বলেন, ‘শোন, শত শত কর্মী নিয়া হইল একটা নির্বাচন। রাতের অন্ধকারে আমার কর্মীরা ঘুরব। তোমার কর্মীরা ঘুরব। তখন কী পজিশন হইব...বলা যায় না। যদি দেখি আমার ইউনিয়নে নির্বাচনে কঠিন অবস্থা হইছে, তুমি যে কেন্দ্রে এজেন্ট দিবা, ওটাও আমি হইতে দিমু না। ভাইবা দেখো গা।’

এ বিষয়ে জানতে চাইলে মো. আলী জিন্নাহ প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁকে প্রত্যাহারের অনুরোধ করেছি। নির্বাচনে কী ঘটতে পারে, তা বলেছি। কোনো হুমকি দিই নাই।’