প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটে ভোট
পৌরসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারিত না হতেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন করতে গতকাল শনিবার গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২৬ ভোট পেয়ে কশিরুল আলম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
গতকাল সকাল ১০টা থেকে ভোট নেওয়া শুরু হয়। একটানা বেলা দুইটা পর্যন্ত তা চলে। বিকেল চারটার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে পৌরসভার নয়টি ওয়ার্ড ও পৌর আওয়ামী লীগের কমিটির ৪৯৩ জন কার্যকরী সদস্য ভোট দেন।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়ে চারজন আবেদন করেন। আবেদন পাওয়ার পর সাবেক সাংসদ ইমদাদুল হককে আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলামকে সদস্যসচিব করে একটি বাছাই কমিটি করা হয়। বাছাইয়ে সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কশিরুল আলম এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলামের আবেদন বৈধ ঘোষণা করা হয়। বাছাই কমিটির পরিচালনায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম বলেন, নির্বাচনে কশিরুল আলম জয়ী হয়ে আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন।
বাছাই কমিটির আহ্বায়ক ইমদাদুল হক বলেন, দলে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার স্বার্থে গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে প্রার্থী মনোনীত করা হয়েছে।