প্রার্থী বাছাইয়ে হেরে গুলি ছুড়ে সম্মেলনকক্ষ ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাইকে কেন্দ্র করে ফাঁকা গুলিবর্ষণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী উপজেলা আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলনকক্ষে ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই কার্যক্রম শুরু হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ওরফে জাহের ২৮ ভোট, ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ২০ ভোট ও উপজেলা যুবলীগের সদস্য বিল্লাল হোসেন ৬ ভোট পান। দুপুর ১২টায় ফল ঘোষণার পর পরাজিত প্রার্থী কামালের অনুসারীদের সঙ্গে বর্তমান চেয়ারম্যানের অনুসারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আত্মরক্ষার জন্য পুকুরে লাফ দেন। এতে তিনি মাথায় আঘাত পান। একপর্যায়ে কামালের পক্ষের লোকজন ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ইউনিয়ন পরিষদ এলাকা ত্যাগ করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী ও অস্ত্রধারীদের কোনো ঠাঁই আওয়ামী লীগে নেই।
কামাল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।