প্রার্থীর পক্ষে হাজির হওয়ার পর গ্রেপ্তার জামায়াত কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেও গতকাল বৃহস্পতিবার বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেননি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা। তবে তাঁর পক্ষে হাজির হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন এক জামায়াত কর্মী।
ওই জামায়াত কর্মীর নাম আবদুর রহমান (৬৫)। তিনি উপজেলা সদরের মাঝিড়াপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাঝিড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা জামায়াতের আমির আবদুস সালাম। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা থাকায় বর্তমানে তিনি পলাতক। গতকাল মনোনয়নপত্র বাছাইয়ের দিনও তিনি রিটার্নিং কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের কার্যালয়ে আসেননি। তাঁর পক্ষে বেলা ১১টার দিকে আসেন আবদুর রহমান। তিনি সমর্থনকারী হিসেবে আবদুস সালামের মনোনয়নপত্রে স্বাক্ষরও করেন। যাচাই-বাছাই শেষে বেলা দেড়টার দিকে তিনি ওই কার্যালয় থেকে বের হন। এরপর শাজাহানপুর থানার সাদাপোশাক পরা পুলিশ তাঁকে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করে।
থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
তবে পুলিশি হেফাজতে থাকা আবদুর রহমান সাংবাদিকদের বলেন, নাশকতার দুটি মামলা থাকলেও দুটিতেই আদালতের মাধ্যমে তিনি জামিনে রয়েছেন। পুলিশ আওয়ামী লীগের প্রার্থীর দ্বারা প্রভাবিত হয়ে তাঁকে হয়রানি করতে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি।