
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চার জেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী দলীয় ‘বিদ্রোহী’ প্রার্থী, বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার পৃথক এসব হামলায় অন্তত ৭০ জন আহত হয়েছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর একটি বসতঘর, ধানের চাতাল ও দুটি হাঁসের খামার আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গলাচিপা (পটুয়াখালী): রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউপিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মো. নাজমুল হুদার একটি বসতঘর, ধানের চাতাল ও দুটি হাঁসের খামার আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নাজমুল হুদা বলেন, ‘গতকাল দুপুরে আওয়ামী লীগ প্রার্থীর শতাধিক কর্মী-সমর্থক রামদা, লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার খলিফারচরের বাড়িতে হামলা করে। এত লোক আসতে দেখে বাড়ির লোকজন প্রাণভয়ে পালিয়ে যান। হামলাকারীরা আমার একটি ঘর পুড়িয়ে দেয়।’
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী হানিফ মিয়া বলেন, ‘উনি আমাদের ফাঁসানোর চেষ্টা করছেন।’
বরিশাল: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাকেরগঞ্জ উপজেলার পেয়ারপুর এলাকায় জাপার প্রার্থী রফিকুল ইসলাম কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার পথে হামলার শিকার হন। এতে অন্তত ৪০ জন কর্মী আহত হন। রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক তালুকদারের ভাই আরিফুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক জব্বার সিকদারের নেতৃত্বে এ হামলা হয়। হামলাকারীরা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন। হামলায় তিনিসহ তাঁর ৪০ জন কর্মী-সমর্থক আহত হন।
আওয়ামী লীগ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক তালুকদার বলেন, রফিকুলের মোটরসাইকেলের বহর থেকে তাঁর এক কর্মীকে মারধর করা হয়। একপর্যায়ে স্থানীয় জনগণ প্রতিরোধ করে। এতে দুই পক্ষে সংঘর্ষ হয়।
পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামে গতকাল দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের হামলায় প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর অন্তত ২৫ কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই নারীসহ ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় বিকেলে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদের ভাই আবুল বাশার হাওলাদার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে মামলা করেন।
নাটোর: লালপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল সকালে ১ নম্বর লালপুর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলমের প্রস্তাবককে দুর্বৃত্তরা মারধর করেছে। তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গৌরনদী (বরিশাল): নলচিড়া ইউপিতে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা গতকাল সকালে নলচিড়া বাজারে হামলা চালিয়ে ‘বিদ্রোহী’ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ব্যাপক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মীর মাসুদ উদ্দিন বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধার শতাধিক সমর্থক ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলে লাঠিসোঁটা নিয়ে হামলা করেন।
কলাপাড়া (পটুয়াখালী): উপজেলার টিয়াখালী ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী গাজী আক্কাস উদ্দিনসহ তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এতে গাজী আক্কাস উদ্দিন, তাঁর বড় ভাই জামাল গাজী, ছোট ভাই নিয়াজ গাজী ও ভাতিজা সোহেল গাজী আহত হয়েছেন। গতকাল বেলা একটার দিকে ইটবাড়িয়া গ্রামের সোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।