প্রার্থীর বাবার বিরুদ্ধে কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগ
বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বাবা গত বৃহস্পতিবার কৃষি ব্যাংকের কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
লাঞ্ছনাকারী ওই ব্যক্তির নাম আ. বারী আজাদ। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামানের বাবা এবং সংরক্ষিত নারী সাংসদ নাসিমা ফেরদৌসীর ভাই।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি বলেন, আ. বারী আজাদ পাঁচ-সাতজন লোকসহ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কৃষি ব্যাংকের পাথরঘাটা শাখায় আসেন। ব্যাংক কার্যালয়ে ঢুকেই তিনি বিএনপির প্রার্থী এম মতিউর রহমানকে তাঁর প্রস্তাবকারী মজিবুর রহমানের ঋণ পরিশোধের প্রত্যয়নপত্র দেওয়া নিয়ে সিদ্দিকুর রহমানকে শাসানো শুরু করেন। একপর্যায়ে আ. বারী আজাদ জুতা খুলে সিদ্দিকুরের দিকে ছুড়ে মারেন। জুতা অপর ব্যাংক কর্মকর্তা আ. কুদ্দুসের হাতে লাগে।
সিদ্দিকুর রহমান বলেন, ‘একজন প্রথম শ্রেণির কর্মকর্তার সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তা তাঁরা জানেন না। তবে ওই মুরব্বি (আ. বারী আজাদ) আমার আত্মীয় হন।’
আ. বারী আজাদের মুঠোফোনে কল করা হলে একজন জানান, তিনি বাসায় নেই।