পাবনার ঈশ্বরদীতে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মকলেছুর রহমান বাবলুর নির্বাচনী প্রচারণার জন্য মাইকে ব্যবহৃত মেমোরি কার্ড অপরিচিত কয়েকজন যুবক ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে ইস্তাগ্রাম অভিমুখে প্রচারণার সময় এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা যায়, মকলেছুর রহমান বাবলু ধানের শীষ প্রতীকে ভোটারদের আকৃষ্ট করার জন্য মুঠোফোনের মেমোরি কার্ডে নির্বাচনী গান ও বিভিন্ন বক্তব্য রেকর্ড করে তা ঈশ্বরদী পৌর এলাকায় মাইকে প্রচার করছিলেন। বিকেল পাঁচটার দিকে শহরের ইস্তা সড়কের মোড়ে অপরিচিত যুবকেরা নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি থামিয়ে মাইকের মেশিন থেকে মেমোরি কার্ডটি বের করে ছিনিয়ে নেয়। এই মেমোরি কার্ডে নির্বাচনী গান ও বক্তব্য মাইকে প্রচার করা হচ্ছিল। মেমোরি কার্ডটি ছিনিয়ে নেওয়ার সময় অটোরিকশায় থাকা শরিফুল ইসলাম নামের একজন দলীয় কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে ওই যুবকেরা তাকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। শরিফুল ভয়ে অটোরিকশা নিয়ে সেখান থেকে চলে আসেন।
ঈশ্বরদী পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কে এম আক্তারুজ্জামান বলেন, শরিফুল এ সময় ওই যুবকদের কাউকে চিনতে পারেননি। তবে তারা সংখ্যায় চার-পাঁচজন ছিল।