প্রায় ছয় লাখ ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ছয় লাখ ইয়াবা বড়ির একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কেউ আটক করা যায়নি।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার খুরেরমূখ এলাকা থেকে ওই ইয়াবার চালান জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে মাছধরার নৌকায় ইয়াবার একটি বড় চালান টেকনাফে আসছে বলে খবর পাওয়া যায়। বিজিবির একটি দল গতকাল দিবাগত রাতে বাহারছড়ার খুরেরমূখ এলাকা-সংলগ্ন ঝাউবাগান পয়েন্টে অবস্থান নেয়। দলটির নেতৃত্ব দেন ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী। রাত দুইটার দিকে সন্দেহজনক একটি নৌকা বাহারছড়ার খুরেরমূখ সৈকতে আসে। নৌকা থেকে দুই ব্যক্তি দুটি বস্তা নিয়ে ঝাউবাগানের দিকে আসতে থাকেন। বিজিবি থামার সংকেত দিলে তাঁরা বস্তা দুটি ফেলে নৌকা নিয়ে গভীর সাগরের দিকে পালিয়ে যান। বস্তা দুটিতে ৫৮টি প্যাকেটে পাঁচ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, নাফ নদীর সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এ কারণে পাচারকারীরা বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলের সমুদ্রসৈকত ব্যবহার করে ইয়াবার চালান খালাসের চেষ্টা করছে। কারণ, ওই এলাকায় বিজিবির কোনো নৌযান নেই। তবে এখন থেকে ওই সমুদ্রসৈকত এলাকায়ও বিজিবির টহল রাখা হবে।