প্রায় সোয়া লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে এক লাখ ১৭ হাজার ৫১২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। এ সময় মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গতকাল মঙ্গলবার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া ৪ নম্বর স্লুইসগেট-সংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের তিন নাগরিককে আটক করে বিজিবি। আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু শহরের ডেইলপাড়ার বাসিন্দা আবদুল্লাহ (২০), করিম উল্লাহ (২০) ও আবু শামা (২০)।
এদিকে বিজিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে আটটার দিকে বিজিবি সদস্যরা নাফ নদীর জলিলেরদিয়ায় অভিযান চালিয়ে একটি নৌকাসহ ৭১ হাজার ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করেন। রাত ১০টার দিকে সাবরাং ইউনিয়নের নয়াপাড়ায় অভিযান চালিয়ে আরও ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই সময়ে সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় পাঁচ হাজার ৯১২টি ইয়াবা। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।