প্রায় ১ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জাল স্ট্যাম্প তৈরির একটি কারখানার খোঁজ পেয়েছে। তারা ওই কারখানা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্পসহ চারজনকে গ্রেপ্তার করেছে।


গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন-মানিকগঞ্জের পান্না কায়সার (৩০), সজিব মোল্লা (২৪), দেওয়ান মাসুদ রানা (৩৩) ও ঢাকার ধামরাইয়ের রাজ্জাক হোসেন (২০)।

র‌্যাবের পক্ষ থেকে র‌্যাব-৪ সাভার ক্যাম্পে আজ শনিবার এক সংবাদ সম্মেলন করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নয়ারহাট বাজারের রাফি ‘প্রিন্টিং প্রেস-২’ নামের একটি ছাপাখানায় অভিযান চালায় র‍্যাব। এ সময় প্রায় এক কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি উদ্ধার করা হয়। নকল স্ট্যাম্প তৈরির অপরাধে রাজ্জাক ও সজিব নামে ওই ছাপাখানার দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাপাখানার মালিক পান্না কায়সার ও তাঁর অন্যতম সহযোগী মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে নকল স্ট্যাম্প তৈরির যন্ত্রসহ সব ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাবের হেফাজতে থাকা অবস্থায় পান্না কায়সার বলেন, জাল স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির জন্য সারা দেশে তাদের লোকজন রয়েছে। ওই সব লোকের মাধ্যমে তারা এসব স্ট্যাম্প ও কোর্ট ফি বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও ভেন্ডারদের কাছে অনেক কম মূল্যে সরবরাহ করে আসছিলেন।

র‌্যাব-৪ সাভার ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক আরিফ বিন জলিল বলেন, পান্না কায়সার বছর দু-এক আগে নয়ারহাট বাজারে রাফি ‘প্রিন্টিং প্রেস-২’ নামে ছাপাখানাটি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে স্বাভাবিক ছাপা কাজের পাশাপাশি গোপনে নকল স্ট্যাম্প ও কোর্ট ফি ছাপিয়ে তা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তার সঙ্গে আরও বেশ কিছু লোক জড়িত রয়েছে।

ভারপ্রাপ্ত এই অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মানিকগঞ্জ ও দিনাজপুরে একাধিক ছাপাখানায় নকল স্ট্যাম্প ও কোর্ট ফি ছাপানো হচ্ছে বলে তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে ওই সব ছাপাখানা চিহ্নিত করতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে।