প্রিসাইডিং কর্মকর্তাকে দেড় বছরের কারাদণ্ড
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এক নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ফলাফল শিটে ভোট জালিয়াতির দায়ে সিরাজুল হক চৌধুরী নামের একজন প্রিসাইডিং কর্মকর্তাকে দেড় বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাচনের দিন গতকাল রোববার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পরিচালিত আদালত তাঁকে এ দণ্ড দেন। আজ সোমবার তাঁকে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসন ও থানা সূত্রে জানা যায়, নির্বাচনের দিন ভোট গণনা শেষে যথাসময়ে উপজেলার ৫১টি কেন্দ্রের মধ্যে কেবল রানীগাঁও তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ছাড়া বাকি ৫০টি কেন্দ্রের ফলাফলসহ নির্বাচনী-সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উএনওর কার্যালয়ে পৌঁছান। কিন্তু রানীগাঁও তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী অনেক রাত হয়ে গেলেও ফিরছিলেন না। এ ছাড়া নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেনও মুঠোফোনে তাঁকে পাননি। প্রশাসনের কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে সন্দেহ হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সিরাজুল হক ইউএনওর কার্যালয়ে গিয়ে পৌঁছান। একপর্যায়ে থানা থেকে ওই কেন্দ্রের ফলাফল শিট এনে আবার ভোট গণনা করা হয়। এতে এক নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোট জালিয়াতির ঘটনাটি ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম চৌধুরীকে দণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মুহাম্মদ আশরাফ হোসেন জানান, ‘ওই কেন্দ্রে দুজন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে অল্প ভোটের ব্যবধান থাকায় দণ্ডিত প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল শিটে নিজের মতো করে একজন নারী প্রার্থীর পক্ষে ভোটের সংখ্যা বাড়িয়েছিলেন। এ ছাড়া অনেক রাত হয়ে গেলেও তিনি ফিরে না আসায় এবং মুঠোফোনেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। তাই এ নিয়ে আমাদের সন্দেহ হচ্ছিল। অবশেষে থানা থেকে ফলাফল শিট এনে এবং নতুন করে ভোট গণনা করে ভোট জালিয়াতির ঘটনাটি ধরলে তাঁকে ভ্রাম্যমাণ আদালত এ শাস্তি দেন।’
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ জানান, ওই প্রিসাইডিং কর্মকর্তাকে রাতেই থানা হেফাজতে দেওয়া হয়। পরে আজ তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।