প্রেম করে বিয়ে করায় ভাতিজি খুন!
প্রেম করে বিয়ে করায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চাচাকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
নিহত ভাতিজির নাম মমতা খাতুন (২৬)। তিনি সলঙ্গা থানার রানীনগর গ্রামের আবদুল মণ্ডলের মেয়ে।
আসামি চাচা হলেন আমির হোসেন মণ্ডল।
থানা-পুলিশ, নিহত তরুণীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে প্রেমের সূত্রে একই গ্রামের ছানোয়ার হোসেনকে বিয়ে করেন মমতা। ওই সময় মমতার পরিবার এ বিয়ে মেনে নেয়নি। ছানোয়ার ও মমতা এলাকা ছেড়ে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। দীর্ঘদিন পর মমতার বাবা বিয়ের বিষয়ে নমনীয় হলেও দাদা বিশু মণ্ডল ও চাচা আমির হোসেন মণ্ডল তা মেনে নেননি।
গত সোমবার ছানোয়ার ও মমতা ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে বিয়ের বিষয়টি নিয়ে চাচা আমিরের সঙ্গে মমতার কথা-কাটাকাটি হয়। আজ সকালে মমতা পুকুরে থালা-বাসন পরিষ্কার করতে গেলে আমির হোসেন কুড়াল দিয়ে তাঁর পিঠে কোপ দেন। এ সময় মমতা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে তাঁর মাথায় আরও দুটি কোপ দেওয়া হয়।
ঘটনার পরপরই মমতাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে মারা যান মমতা।
নিহত মমতার স্বামী ছানোয়ার হোসেন অভিযোগ করেন, ‘বিয়ের বিষয়টি সবাই মেনে নিলেও মমতার দাদা ও চাচা তা মেনে নেননি। তাঁরা এ নিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। কথা-কাটাকাটির জের ধরে চাচা নিজেই কুপিয়ে হত্যা করেছেন মমতাকে।’
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মমতার বাবা একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে চাচা ও দাদা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি জানান, এ ঘটনার পেছনে প্রেমের বিয়ে, নাকি অন্য কিছু রয়েছে, তা খতিয়ে দেখা হবে।