প্রেম প্রতারণা বিয়ে নির্যাতন, অতঃপর তালাক?
প্রথমে প্রেম। তারপর প্রতারণার মাধ্যমে ভুয়া কাবিন করে কথিত বিয়ে। তা জানাজানি হলে আবার বিয়ে। এরপর যৌতুকের দাবিতে নির্যাতন। এ অভিযোগে থানায় মামলা করতে গেলে জানানো হয় তালাকের কথা। এ ঘটনায় সর্বশেষ গত মঙ্গলবার আদালতে মামলা হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা গ্রামের ভুক্তভোগী আঁখি বেগম (২৫) মামলাটি করেছেন। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক সেটি আমলে নিয়ে জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এডিএম মোছাম্মাৎ মমতাজ বেগম বলেন, আদেশের কপি এখনো তিনি পাননি, পেলে দ্রুত ব্যবস্থা নেবেন।
মামলায় উপজেলা সদরের বাইমহাটী গ্রামের আবুল কালাম আজাদকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান আঁখি।
আঁখি বেগম বলেন, প্রায় দুই বছর আগে কালামের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পাঁচ-ছয় মাস পর তাঁরা বিয়ে করেন। এরপর বাড়িতে না নিয়ে প্রায় দেড় বছর বাইমহাটী গ্রামের বিভিন্ন বাসায় তাঁকে নিয়ে ভাড়া থাকেন কালাম। প্রায় আড়াই মাস আগে আঁখি শ্বশুরবাড়ি যেতে চান। কালাম এতে রাজি না হওয়ায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ের বিষয়টি বেরিয়ে আসে। কালাম এর আগে বিয়ে করেছেন বলেও আঁখি জানতে পারেন। এ ঘটনায় বিচারের দাবিতে আঁখি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। পরে দুই পক্ষের অভিভাবকদের সমঝোতায় ২৩ জানুয়ারি তাঁদের আবার বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে আঁখিকে নির্যাতন শুরু করেন কালাম। সর্বশেষ ২০ মার্চ আঁখিকে বাড়ি থেকে এক লাখ টাকা আনতে বলেন কালাম। এতে আপত্তি জানালে আঁখিকে লাঠি ও রড দিয়ে বেধড়ক পেটান কালাম। চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে আঁখিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর ১২ দিন পরও তাঁর শরীরের ক্ষত শুকায়নি। যৌতুকের দাবিতে তাঁকে পেটানোর ঘটনায় ২১ মার্চ তিনি মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগটি সেখানে নথিভুক্ত না করায় গত মঙ্গলবার তিনি আদালতে মামলা করেন।
কন্নাজড়িত কণ্ঠে আঁখি বেগম বলেন, ‘ভুয়া কাবিনের ঘটনায় থানায় তিনি কালামের গ্রেপ্তারের দাবি করেন। তখন থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম তাঁকে আবার বিয়ের আশ্বাস দিয়ে পাঁচ হাজার টাকা নেন।’ তবে এসআই নুরুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
মির্জাপুর থানার এসআই মো. আলাউদ্দিন গতকাল বলেন, আঁখিকে স্বামী কালাম তালাক দিয়েছেন বলে তিনি শুনেছেন। এ কারণে তাঁর মামলাটি নথিভুক্ত করা হয়নি। তবে আঁখি তালাকের কাগজ পাননি বলে জানিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য আবুল কালাম আজাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বর বন্ধ পাওয়া গেছে। তাঁর বাবা ওয়াহিদ মিয়া বলেন, কালাম তাঁদের সঙ্গে থাকেন না। ঘটনার দিন দুজনই একে অপরকে মেরেছেন বলে তিনি শুনেছেন। আঁখিকে কালাম তালাক দিয়েছেন। কালাম কোথায় তিনি জানেন না।