প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (২১) প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। একই বিশ্ববিদ্যালয়ের মো. ইমরান নামের এক ছাত্র এ কাজ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের খরমপট্টি এলাকায় সদর উপজেলা ভূমি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ইমরান পলাতক রয়েছেন।

ওই ছাত্রী ও মো. ইমরান (২১) কিশোরগঞ্জ শহরের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র। ইমরান জেলা শহরের নগুয়া এলাকার মো. রতন মিয়ার ছেলে।

মেয়েটির পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইমরান মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি তা প্রত্যাখ্যান করেন। দুজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে মেয়েটি বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন। শহরের নীলগঞ্জ মোড় এলাকায় পৌঁছালে ইমরান তাঁর গতিরোধ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। মেয়েটি ইমরানকে ক্ষমা করে দেন। পরে দুজনই এক রিকশায় চড়ে বাসার উদ্দেশ্যে রওনা দেন।

কিন্তু খরমপট্টি এলাকার ভূমি কার্যালয়ের সামনের সড়কে পৌঁছার পর ইমরান মেয়েটির মুখমণ্ডলের বাঁ পাশের গালে, চোখের ওপর ও ঘাড়ে কয়েকটি ছুরিকাঘাত করেন। এ সময় মেয়েটির চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ইমরান পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই ছাত্রী সাংবাদিকদের বলেন, প্রায় ছয়-সাত মাস ধরে ইমরান তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। কিন্তু বারবারই তিনি তা প্রত্যাখ্যান করেছেন। প্রতিশোধ নিতেই ইমরান তাঁকে ছুরিকাঘাত করেছেন।

হাসপাতালে মেয়েটির খোঁজখবর নিতে আসা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান এ প্রথম আলোকে বলেন, ‘আপাতত আমরা মেয়েটির সুচিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছি। এবং এ ঘটনায় দোষী শিক্ষার্থীর বিরুদ্ধে ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক রমজান মাহমুদ বলেন, আহত মেয়েটির ক্ষত জায়গায় কয়েকটি সেলাই করে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। এখন মেয়েটি আশঙ্কামুক্ত। তবে সুস্থ হতে কয়েক দিন সময় লাগবে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শামা মো. ইকবাল হায়াত সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ইমরানকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। ইমরান পলাতক থাকায় এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান চলছে।