প্রেম, বাল্যবিবাহ, অবশেষে যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা দিতে না পারায় খাদিজা আক্তার নামের নবম শ্রেণির এক ছাত্রীকে হত্যা করা হয়েছে। স্বামী রফিকুল ইসলাম (১৪) গত রোববার দুপুরে শ্বাসরোধে তাকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার ধানুকা গ্রামে।

পুলিশ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
শরীয়তপুর সদরের পালং মডেল থানা সূত্রে জানা গেছে, শরীয়তপুর পৌর এলাকার ধানুকা মহল্লার হাসেম ব্যাপারীর মেয়ে খাদিজা আক্তার শরীয়তপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। একই গ্রামের রাজ্জাক মাতবরের ছেলে রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় গত বছরের সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রফিকের পরিবার যৌতুকের দুই লাখ টাকার জন্য খাদিজাকে চাপ দিতে থাকে। তার অটোরিকশাচালক বাবা ওই টাকা দিতে পারেননি। টাকা না পেয়ে তারা খাদিজার ওপর নির্যাতন চালাতে থাকে।
রোববার দুপুরে রফিকের মা নাছিমা বেগম খাদিজার বাবাকে ফোন করে তাঁদের বাড়িতে ডাকেন। খাদিজার বাবা ওই বাড়িতে গিয়ে খাদিজার নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

>খাদিজার বাবা বলেন, বিয়ের পর যৌতুকের দুই লাখ টাকার জন্য আমাকে চাপ দিতে থাকে। আমি গরিব মানুষ, টাকা দিতে না পারায় মেয়েকে হত্যা করেছে

গতকাল সোমবার সকালে খাদিজাদের বাড়ি গিয়ে দেখা যায়, তার পরিবারের সদস্যরা বিলাপ করছেন। সেখানে ছুটে এসেছেন সহপাঠী ও বিদ্যালয়ের শিক্ষকেরা।
খাদিজার মা বিউটি বেগম বলেন, ‘মেয়েটিকে জোর করে উঠিয়ে নিয়ে বিয়ে করে। যৌতুকের টাকার জন্য মেরে ফেলল। তোমরা আমার মেয়েকে ফিরিয়ে দাও।’
খাদিজার বাবা বলেন, ‘রফিকেরা অনেক প্রভাবশালী, জোর করে আমার মেয়েকে তুলে নিয়ে বিয়ে করলেও আমি কিছু করতে পারিনি। বিয়ের পর যৌতুকের দুই লাখ টাকার জন্য আমাকে চাপ দিতে থাকে। আমি গরিব মানুষ, টাকা দিতে না পারায় মেয়েকে হত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
শরীয়তপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক রাফি মাহাবুব খান বলেন, ‘খাদিজা ও রফিকুল আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনই কিশোর। তারা যে বিবাহিত, তা আমরা কেউ জানতাম না। এভাবে বাল্যবিবাহের কারণে মেয়েটিকে জীবন দিতে হলো।’
এ ঘটনায় খাদিজার বাবা পালং মডেল থানায় খাদিজার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের বাবা-মা ও পরিবারের সদস্যরা গ্রাম থেকে পালিয়ে যান। গতকাল দুপুরে গিয়ে তাঁদের বসতঘরে তালা লাগানো দেখা যায়।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মেয়েটিকে হত্যা করে তার শ্বশুরবাড়ির সদস্যরা আত্মহত্যা বলে প্রচার চালিয়েছিলেন। আটক রফিক স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছে।