প্রেমবাগ ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন না এক মাস!
নাশকতার মামলায় এক মাসেরও বেশি সময় ধরে জেলহাজতে আছেন চেয়ারম্যান। এই সময় প্যানেল থেকে কোনো সদস্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করেননি। আর এভাবে যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন প্রায় এক মাস ধরে চেয়ারম্যানশূন্য ছিল।
অবশ্য তড়িঘড়ি করে গতকাল শনিবার সভা করে চেয়ারম্যানের প্যানেল থেকে ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ শওকত আলীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম একটি নাশকতার মামলার আসামি হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গত ১১ আগস্ট তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁকে জেলহাজতে পাঠান। ইউপির তিনজন প্যানেল চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, হালিমা পারভিন ও সাজাহান আলী মোল্যার কেউ অগ্রাধিকারক্রমে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেননি। ফলে প্রতি মাসে কমপক্ষে একটি সভা অনুষ্ঠানের নিয়ম থাকলেও গত এক মাসে কোনো সভা হয়নি।
ইউপির সচিব মোরশেদ আলী গতকাল সদস্যদের এক সভা আহ্বান করেন। ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে সভায় প্যানেল চেয়ারম্যান সৈয়দ শওকত আলীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
মোরশেদ আলী বলেন, ‘ইউএনও ম্যাডামের নির্দেশক্রমে চেয়ারম্যান সাহেবের সঙ্গে পরামর্শ করে গতকাল সদস্যদের সভা ডাকা হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্যানেল চেয়ারম্যান সৈয়দ শওকত আলীকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। সভার কার্যবিবরণী আগামীকাল ইউএনওর দপ্তরে জমা দেওয়া হবে।’
সৈয়দ শওকত আলী বলেন, চেয়ারম্যান সাহেব এক মাস ধরে জেলহাজতে। আদালতে আত্মসমর্পণের আগে তিনি দায়িত্ব বুঝিয়ে দেননি। গত এক মাসে ইউনিয়নে কার্যত কোনো চেয়ারম্যান ছিলেন না। কোনো মাসিক সভাও হয়নি। ইউনিয়নের বাসিন্দারা সেবা থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজ বলেন, বিষয়টি কেউ তাঁকে জানাননি। তাঁরা সভা করে প্যানেল চেয়ারম্যানদের মধ্য থেকে অগ্রাধিকারক্রমে একজন সদস্যকে চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারতেন। তা তাঁরা করেননি। তাঁদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।