প্রেমিককে হত্যার অভিযোগ
খুলনা নগরে অলোকেশ মণ্ডল নামের এক কলেজশিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অলোকেশের পরিবার ও বন্ধুদের অভিযোগ, তাঁর প্রেমিকাই তাঁকে হত্যা করেছেন। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
অলোকেশ (২০) বাগেরহাট পিসি কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের খগেন্দ্র মণ্ডলের ছেলে। থাকতেন খুলনার পূর্ব বানিয়াখামার এলাকার একটি মেসে।
অলোকেশের পরিবার ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছর আগে খুলনার বয়রা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে অলোকেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছাত্রীটি তাঁর ভাইয়ের সঙ্গে হাজী মুহসীন সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন। কিছুদিন ধরে তাঁর সঙ্গে অলোকেশের ঝগড়া চলছিল। শনিবার সকালে অলোকেশ মেস থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি।
অলোকেশের ঘনিষ্ঠ বন্ধু গৌতম বাহাদুর বলেন, সর্বশেষ শনিবার বেলা ১১টার দিকে অলোকেশের সঙ্গে মুঠোফোনে তাঁর কথা হয়। তখন তিনি তাঁর প্রেমিকার বাসায় ছিলেন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে আটটার দিকে তিনি শুনতে পান অলোকেশ মারা গেছেন।
অলোকেশের চাচাতো ভাই নবকুমার মণ্ডল বলেন, মেয়েটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কয়রায় থাকা অলোকেশের ভগ্নিপতিকে ফোন করে জানান, অলোকেশ অসুস্থ। খবর পেয়ে খুলনায় থাকা আত্মীয়স্বজনেরা অলোকেশের নম্বরে কল করলে ওই মেয়েটিই সব ফোন রিসিভ করেন। পরে তাঁরা জানতে পারেন, অলোকেশ মারা গেছেন।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মেয়েটি দাবি করেছেন কয়েক দিন আগে অলোকেশ রক্ত দিয়েছেন। শনিবার সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, প্রাথমিক তদন্তে ছেলেটির গলায় কালো দাগ দেখা গেছে। এ কারণে লাশের ময়নাতদন্ত হচ্ছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে আসলে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর মামলা হয়েছে।
ছাত্রীটির মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তাঁর সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা যায়নি। তা ছাড়া তাঁর ভাড়া বাসায় গিয়েও বাসাটি বন্ধ পাওয়া গেছে।