প্রেমিকের বাড়ি থেকে ছাত্রীর লাশ উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে গত বুধবার প্রেমিকের বাড়ি থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রীর পরিবারের দাবি, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত কলেজছাত্রীর নাম রুমা আক্তার (২২)। তাঁর বাড়ি জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামে। নিহত রুমা পাংশা কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রুমার চাচাতো ভাই রুবেল মাহমুদ অভিযোগ করেন, প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে চন্দনী ইউনিয়নের বাবুপুর গ্রামের মিরাজ মণ্ডলের সঙ্গে রুমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিরাজ সিলেটে একটি সোনার দোকানে কাজ করেন। গত বছর ৩০ অক্টোবর মিরাজের কাপড় ব্যবসায়ী এক বন্ধুর বাড়িতে মিরাজ ও রুমার বিয়ে হয়। কিন্তু মিরাজ কৌশলে জাতীয় পরিচয়পত্র নেই বলে বিয়ের কাবিননামা করেননি। রুমা তাঁদের বিয়ের কথা পারিবারিকভাবে সবাইকে জানানোর কথা বললে মিরাজ তাঁকে এড়িয়ে চলতে থাকেন।
গত বুধবার রুমা বাড়ি থেকে পাংশা যাওয়ার কথা বলে মিরাজের বাড়িতে যান। বিকেলে মিরাজের প্রতিবেশীরা রুমার পরিবারকে মুঠোফোনে জানান, রুমা আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে মিরাজের পরিবারের সদস্যরা পলাতক। রুবেল মাহমুদ বলেন, রুমাকে শ্বাসরোধে হত্যার পর সবাই পালিয়ে গেছেন।
রাজবাড়ী সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান খন্দকার বলেন, ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।