প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা কলেজছাত্রীর
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একাদশ শ্রেণির এক ছাত্রী তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে। এ অভিযোগে গত রোববার রাতে ওই ছাত্রী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
আক্কেলপুর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ধর্ষণ মামলার আসামি রকি কুমার সরকারকে (২৫) রোববার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমবার ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই ছাত্রী ও রকি কুমারের মধ্যে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে। তাঁদের সম্পর্কের কথা ছেলের পরিবার জানলেও মেয়ের পরিবার জানত না। সপ্তাহ খানেক আগে ফেসবুকের মাধ্যমে মেয়ের পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। এরপর মেয়েটি তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু প্রেমিক বিয়ে করতে অস্বীকার করেন। এ নিয়ে সালিস হয়। ওই সালিসে মেয়ের পরিবার প্রেমিকের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করায় থানায় মামলা হয়।
ওই ছাত্রী দাবি করে, ‘রকি কুমারের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক করার আগে বলেছিল, সে আমার ধর্ম গ্রহণ করে আমাকে বিয়ে করবে। এরপর সে জোর করে আমার সঙ্গে দৈহিক সম্পর্ক করে। সে এখন আর আমাকে বিয়ে করতে চাচ্ছে না। বাধ্য হয়ে মামলা করেছি।’
গতকাল সোমবার সকালে থানাহাজতে থাকাকালে রকি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পর্কের বিষয়টি মেয়েটির পরিবার জানতে পেরে সালিসে তাঁর কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। ওই টাকা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
মেয়েটির মা বলেন, সালিস-দরবারে পাঁচ লাখ টাকায় আপস করার কথা ছিল। কিন্তু রকির পরিবার মাত্র ৫০ হাজার টাকা দিতে চেয়েছিল।