প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে গতকাল রোববার কুপিয়ে গুরুতর জখম করেছে এক তরুণ। এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
আহত ছাত্রী (১৫) চৌদ্দশত ইউনিয়নের বাসিন্দা। তাওহীদ মিয়া (২২) তার ওপর এ হামলা চালান। কিন্তু পুলিশ গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।
ছাত্রীর পরিবারের লোকজন ও সহপাঠীরা বলেন, তাওহীদ আড়াই বছর ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করছিল। বিষয়টি তাওহীদের পরিবারকে জানানো হয় এবং এ নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল সকাল ১০টার দিকে কয়েকজন সহপাঠীসহ মেয়েটি বিদ্যালয়ে রওনা দেয়। এ সময় বাড়ির পাশের রাস্তায় তাওহীদ, তাঁর সহযোগী সাইফুল ইসলাম ও আরও দুই-তিনজন যুবক তাঁদের পথরোধ করেন। সেখানে তাওহীদ মেয়েটিকে আবারও প্রেমর প্রস্তাব দেন। একপর্যায়ে মেয়েটি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাওহীদ তার হাতে থাকা বঁটি দিয়ে ছাত্রীর ঘাড়ে, গলায় ও হাতে এলোপাতাড়ি কোপ দেন। তারপর তাওহীদ ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
স্থানীয়রা ছাত্রীটিকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকির হোসেন জানান, মেয়েটির ঘাড়ে, গলায় ও হাতে চারটি কোপ রয়েছে। কিন্তু বাঁ হাতের বাহুর আঘাতটি গুরুতর। এ খবরে আহতের বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী সকাল সাড়ে ১০টা থেকে কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে রাখে। পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
কিশোরগঞ্জ থানার ওসি মীর মোশাররফ হোসেন গতকাল সন্ধ্যায় বলেন, মামুন মিয়া নামে একজনকে পুলিশ আটক করেছে। তাওহীদ ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে।