প্রেমে বাধা দেওয়ায় খুন, ছয় কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে স্কুলছাত্র হত্যা
বরিশালে স্কুলছাত্র হত্যা

বরিশালে ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র সাইয়েদুর রহমান হৃদয়ের এক সহপাঠীকে প্রেম নিবেদন করেছিল অপর এক কিশোর। এ ছাড়া ওই কিশোর অপর এক ব্যক্তিকে কটাক্ষ করার পর এর প্রতিবাদ জানিয়েছিল হৃদয়। এ দুই ঘটনার জের ধরে খুন করা হয়েছে হৃদয়কে।

খুনের ঘটনায় ছয় কিশোরকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

বরিশাল নগরের মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গতকাল রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন। তিনি জানান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র হৃদয়কে হত্যার ঘটনার পর শনিবার বিকেল থেকে গতকাল সকাল পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছয় কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কিশোর আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কমিশনার বলেন, এক মাস আগে নগরের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির কর্মচারী সাব্বির সরকারকে উল্টো অবস্থায় ট্রাউজার পরা দেখে ওই স্কুলের পাশে থাকা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী ও তার সঙ্গীরা আপত্তিকর মন্তব্য করে। এ সময় তাদের গালমন্দ করে সেখানে উপস্থিত হৃদয় ও তার সহপাঠীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ছাড়া হৃদয়ের এক সহপাঠীকে পছন্দ করত হৃদয়ের এক বন্ধু। ওই মেয়েকে সম্প্রতি প্রেম নিবেদন করে গ্রেপ্তার ছয় কিশোরের একজন। এ ঘটনাকে কেন্দ্র করেও হৃদয়ের সঙ্গে ওই কিশোরের বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার সকালে পরেশ সাগর মাঠ এলাকায় হৃদয়কে ছুরিকাঘাত করে ওই কিশোরসহ সাত-আটজন। এরপর নিহত হয় হৃদয়। আহত হয় তার এক সহপাঠী।

স্কুলছাত্র হৃদয় হত্যার ঘটনায় তার বাবা মো. জিয়াউর রহমান গতকাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। গ্রেপ্তার কিশোরদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা রুহুল আমিন।

বরিশালে বাড়ছে কিশোর অপরাধ
বরিশাল নগরীতে কিশোর অপরাধপ্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। হৃদয় হত্যাসহ সম্প্রতি বেশ কয়েকটি গুরুতর অপরাধের ঘটনা পর্যালোচনা করে দেখা যায়, কিশোরেরা এখন খুন-ধর্ষণের মতো ভয়ানক অপরাধে জড়িয়ে পড়ছে। হৃদয় খুন হওয়ার পর বিভিন্ন মহলে বিষয়টি গুরুত্ব পেতে শুরু করেছে। সেই সঙ্গে অভিভাবকদের মধ্যেও বেড়েছে উদ্বেগ।

অনুসন্ধানে জানা যায়, বরিশাল নগরে গত কয়েক বছরের মধ্যে প্রথম কিশোর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ২০১৩ সালের ৭ এপ্রিল। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. শামির রাফি (১৫) নামে বরিশাল জিলা স্কুলের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়। গত বছরের ৬ অক্টোবর নগরের জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো. আরমানকে (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে হৃদয় নামে তার এক সহপাঠী তাকে তুলে নিয়ে নগরীর কালিজিরা সেতুর নিচে নিয়ে মারধর করে এবং বস্তাবন্দী করে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন ও জেলেরা টের পেয়ে পুলিশে খবর দিলে আরমান রক্ষা পায়।

গত বছরের সেপ্টেম্বর মাসে নগরীর নবগ্রাম এলাকার ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী তন্বী নিখোঁজ হয়। পরদিন একই এলাকার খান সড়কের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়। এই খুনের ঘটনায় গ্রেপ্তার হয় ইমাম হোসেন ও শাকিল নামে দুই কিশোর বখাটে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইমাম স্বীকার করে, তারা তিন বন্ধু মিলে তন্বীকে ধর্ষণের পর হত্যা করে। একই মাসে মো. জালাল নামে এক অটোরিকশাচালককে হত্যা করে ছয় মাদকসেবী বখাটে কিশোর-তরুণ। ঘটনার এক মাস পর ওই বখাটেদের গ্রেপ্তার করে পুলিশ।

কিশোরদের এমন অসহিষ্ণুতা ও অপরাধপ্রবণতার পেছনে মাদকাসক্তির একটি বড় কারণ বলে মনে করেন বরিশাল নগরীতে মাদক নিরাময়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান ‘হলি কেয়ারের’ পরিচালক মোস্তাফিজুর রহমান সুমন। তিনি প্রথম আলোকে বলেন, গত দুই বছরে তাঁর প্রতিষ্ঠানে ২৫৭ জন মাদকসেবী এসেছে। এর মধ্যে ৫৩ জনই কিশোর, যারা ইয়াবায় আসক্ত।

কিশোরদের অপরাধপ্রবণতার বিষয়ে জানতে চাইলে পুলিশের অপরাধ তদন্ত সংস্থার (পিবিআই) বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীলতার ঘাটতি এবং বিদ্যালয়গুলোতে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার অভাব।