প্রেমে ব্যর্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যার চেষ্টা
প্রেমে ব্যর্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীকে ঘর থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে এক কিশোর ও তার সহযোগীরা। গত শনিবার রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই পরীক্ষার্থীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মনির হোসেনের বখাটে ছেলে আতিকুর রহমান (১৭) দুই বছর ধরে স্থানীয় একটি বিদ্যালয়ের ওই পরীক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। একপর্যায়ে আতিকুর তাকে উত্ত্যক্ত করে। এ ব্যাপারে সামাজিকভাবে একাধিকবার বৈঠকও হয়। এর পরও বিষয়টির সুরাহা হয়নি।
শনিবার রাতে ওই পরীক্ষার্থী তার ঘরে পড়াশোনা করছিল। এ সময় ওই বখাটে কয়েকজন সঙ্গী নিয়ে ঘরে ঢুকে ওই পরীক্ষার্থীকে ওড়না দিয়ে মুখ বেঁধে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে যায়। পরে তারা সেখানে তাকে গলা কাটার পর মৃত ভেবে ফেলে যায়। বখাটেরা চলে গেলে ওই পরীক্ষার্থী গলাকাটা অবস্থায় বাড়ি এসে জ্ঞান হারিয়ে ফেলে।
পরিবারের লোকজন রাত ১১টার দিকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। জ্ঞান ফিরে এলে গতকাল রোববার সকালে ওই ছাত্রী বখাটেদের নাম বলে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি ধারালো কাটার ও একটি ওয়াকম্যান উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রাসেল আহমেদ জানান, গলার টিস্যু ও রগ কেটে যাওয়ায় ওই পরীক্ষার্থী এখানো আশঙ্কামুক্ত নয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান জানান, এ ঘটনায় গতকাল ওই ছাত্রীর মা বাদী হয়ে আতিকুরকে আসামি করে একটি মামলা করেছেন।