প্রেমে রাজি না হওয়ায় তরুণীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা এলাকায় গতকাল শনিবার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে পিটিয়েছে চার বখাটে। দুপুর ১২টার দিকে ডেমরার কোনাপাড়া চিশতিয়া রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ম্যাক্স বাবু, ইমরান, বাবু ও রাকিব নামে চার বখাটে কিল, ঘুষি দিয়ে মেয়েটিকে আহত করে। এ সময় আশপাশের লোকজন দুজনকে আটক করে ডেমরার বাঁশেরপুল পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে। পরে চিকিৎসার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তরুণীর ভাই বলেন, তাঁর বোন লেখাপড়ার পাশাপাশি গৃহশিক্ষকতা করেন। আসা-যাওয়ার পথে প্রায়ই ওই বখাটেরা তাঁর বোনকে উত্ত্যক্ত করত। গতকাল দুপুরে বাসা থেকে বের হলে চার বখাটে কোনাপাড়া চিশতিয়া রোড এলাকায় পথ আটকে তাঁর বোনকে প্রেমের প্রস্তাব দেয়। প্রতিবাদ করলে মারধর করে তারা। পরে ঘটনাস্থল থেকে তাঁর বোনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মেয়েটি বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত বখাটেদের মধ্যে বাবু ও রাকিব নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ম্যাক্স বাবু ও ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।