মুঠোফোন নম্বর সংগ্রহ করে শুরুতে মিসড কল বা কল করা হয়। বলা হয়, ভুল নম্বরে কল করা হয়েছে। পরে আবার কল করা হয়। এভাবে একাধিকবার কথা বলার পর বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক গড়ে তোলা হয়। পরে সেই সম্পর্কের সুযোগে বাসায় আটকে রেখে কৌশলে মুক্তিপণ আদায় করা হয়।
চট্টগ্রামে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। চক্রটি মুক্তিপণের জন্য ভুক্তভোগীদের অশ্লীল ছবি তুলে রাখে। বলে, ছেড়ে দেওয়ার পর কাউকে জানালে এই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।
চক্রটির সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন শাহাবুদ্দিন, তাঁর স্ত্রী শেলি আক্তার, শারমিন আক্তার, মো. সেলিম, মো. ওসমান ও মিনহাজ উদ্দিন। এঁদের মধ্যে শাহাবুদ্দিন হচ্ছেন চক্রটির প্রধান।
গতকাল নগরের পাঁচলাইশ বেবী সুপার মার্কেটের পেছনে একটি বাসা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাসাটি থেকে একজন নারীকেও উদ্ধার করা হয়েছে। চাকরি দেওয়ার কথা বলে তাঁকে দুই মাস ধরে সেখানে আটকে রেখেছিল চক্রটি।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, মুঠোফোনে প্রেমের অভিনয় করে বিত্তশালী ব্যক্তিদের কৌশলে বাসায় ডেকে এনে তাঁদের অশ্লীল ছবি তুলে রাখা হয়। পরে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। পরিবার ও সমাজের ভয়ে ভুক্তভোগীরা কাউকে কিছু বলেন না। তাঁরা চক্রের কথামতো মুক্তিপণ দিয়ে ফিরে আসেন। একেকজন ৩০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিয়েছেন।
মুঠোফোনে প্রতারণার ফাঁদে পা না দিতে নগরবাসীকে আহ্বান জানিয়ে তানভীর আরাফাত বলেন, কারও সম্পর্কে না জেনে শুধু কথায় বিশ্বাস করে অজ্ঞাত স্থানে যাওয়া ঠিক না।