কুষ্টিয়া সদর উপজেলায় শুভ মণ্ডল (১৩) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আবদালপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রেমের সম্পর্কের জের ধরে স্থানীয় এক কিশোরীর পরিবারের সদস্যরা শুভকে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। শুভ লক্ষ্মীপুর গ্রামের আরমান মণ্ডলের ছেলে। সে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় শুভর দাদা আবুল হোসেন মণ্ডল বাদী হয়ে মেয়েটির বাবা ও তিন চাচার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই বছর আগে শুভর সঙ্গে একই গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ব্যাপারটি মেয়েটির পরিবারের সদস্যরা জানতে পারলে তাঁরা কয়েক দফায় শুভ ও তাঁর পরিবারকে সতর্ক করে দেন। ২ আগস্ট মেয়ের বাবাসহ তাঁর পরিবারের লোকজন শুভকে নির্যাতন করেন। পরে স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে শুভকে উদ্ধার করে তার পরিবার।
শুভর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে লক্ষ্মীপুর বাজারে বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে শুভকে মেয়েটির বাবা ও তিন চাচা পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে রাখেন। স্থানীয় লোকজন উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শুভ মারা যায়।
শুভর দাদা আবুল হোসেন বলেন, ‘আমার নাতিকে ওরা পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’ বাবা আরমান মণ্ডল বলেন, ‘দোকান থেকে সকালে বাড়ি ফিরছিল শুভ। ওরা রাস্তায় আমার ছেলেকে আটকিয়ে পিটিয়েছে।’
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মেয়েটির বাবা ও তিন চাচা পলাতক। তবে মেয়েটির মা হত্যা ও মেয়েটির সঙ্গে শুভর প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
আবদালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘এর আগে ছেলেটিকে বেঁধে রেখে নির্যাতন করেছিলেন মেয়েটির বাবা ও চাচারা। আমার হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। সেটা ছিল প্রেমঘটিত ব্যাপার।’
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শফিকুল ইসলাম বলেন, প্রেমের সম্পর্কের জেরে কিশোরকে হত্যা করা হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শুভর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।