ডাকাত সন্দেহে নয়, বরং প্রেমের সম্পর্কের জের ধরে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার জয়দেব কুমার পাইককে (২৮) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। গত শুক্রবার ভান্ডারিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জয়দেবের বাবা বাবুল চন্দ্র পাইক এ অভিযোগ করেন।
বাবুল চন্দ্র পাইকের বাড়ি দক্ষিণ ভান্ডারিয়া গ্রামে। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, পাশের ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক মুসলিম নারীর সঙ্গে জয়দেবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৬ অক্টোবর রাতে ওই নারীর পরিবারের সদস্যরা ও স্থানীয় গ্রাম পুলিশ জয়দেবকে ডেকে নিয়ে চোখ তুলে নৃশংসভাবে হত্যা করে। পরে ডাকাতি শেষে পলায়নকালে জয়দেব গ্রামবাসীর হাতে নিহত হয়েছেন বলে প্রচার করা হয়।
জয়দেব কুমার পাইকের বাবা বলেন, জয়দেব বরিশাল বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নের পাশাপাশি প্রাণ-আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। ৬ অক্টোবর জয়দেব বাড়িতে আসেন। ওই রাতে তিনি ভান্ডারিয়া শহরের ভুবনেশ্বর সেতুর কাছে নিজেদের চায়ের দোকানে বসে ছিলেন। রাত আটটার দিকে ওই নারীর ভাই এক আত্মীয়, একজন গ্রাম পুলিশসহ দুটি মোটরসাইকেলযোগে সেখানে আসেন। তাঁরা জয়দেবকে ডেকে নিয়ে যান। এরপর জয়দেব আর ফেরেননি। পরদিন সকাল সাতটার দিকে জয়দেবের মুঠোফোন থেকে তাঁর মা আলো রানীর মুঠোফোনে একজন কল করে জানান, জয়দেব কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এর কিছুক্ষণ পর কাঁঠালিয়া থানা থেকে ফোন করে জানানো হয়, জয়দেব থানায় আছেন। পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জয়দেবের লাশ দেখতে পান। এ ঘটনায় তিনি গত ২৭ অক্টোবর ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত মামলাটি কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
কাঁঠালিয়া থানার ওসি জাহিদ হোসেন গতকাল শনিবার বলেন, মামলার কাগজপত্র আদালত থেকে পাওয়া যায়নি। পেলে তদন্ত করা হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই গ্রাম পুলিশ বলেন, ৬ অক্টোবর রাতে সোনাউঠা গ্রামের এক বাড়িতে ডাকাতি করে ফেরার সময় গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া করেন। এ সময় গ্রামবাসীর হাতে জয়দেব কুমার পাইক ধরা পড়ে পিটুনিতে নিহত হন। এ ঘটনায় আরও এক ডাকাতকে আটক করে পুলিশে দেন গ্রামবাসী। জয়দেবের বাবার অভিযোগ ঠিক নয়। সোনাউঠা গ্রামের কুখ্যাত দুই ডাকাত জয়দেবের খালাতো ভাই।
ওই নারীর ভাই বলেন, ‘আমার বোনের বয়স ৫০ বছর। তিনি স্বামীর বাড়িতে থাকেন। তাঁর সঙ্গে জয়দেবের সম্পর্ক নেই। আমিও তাঁকে চিনি না। জয়দেবের ছোট ভাই সুদেব পাইক ওই ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। পরে শনাক্ত করায় মামলা থেকে সুদেবকে রক্ষার জন্য তাঁর বাবা মিথ্যা অভিযোগ করছেন।’
গত ৮ অক্টোবর প্রথম আলোয় ‘ঝালকাঠি ও লক্ষ্মীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।