রংপুরের বদরগঞ্জে জাকিরুল ইসলাম (২২) নামের এক যুবক ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় জাকিরুলের বড় ভাই জরেজুল ইসলাম ২৩ মার্চ বদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু পুলিশ গতকাল বুধবার পর্যন্ত জাকিরুলের কোনো সন্ধান পায়নি। যুবকটিকে হত্যার পর লাশ গুম করা হয়ে থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বাজারে দরজির কারিগর ছিলেন জাকিরুল। তিনি ওই এলাকার পশ্চিমপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে।
জিডি সূত্রে জানা গেছে, ১৯ মার্চ রাতে বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন জাকিরুল। ভোরে ঘুম থেকে ওঠার পর পরিবারের লোকজন তাঁর ঘরের দরজা খোলা দেখতে পান। কিন্তু জাকিরুল ঘরে ছিলেন না। এরপর বেলা বাড়লেও জাকিরুল আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোজাখুঁজি করেও আর কোথাও তাঁকে পাওয়া যায়নি।
জিডিতে উল্লেখ করা হয়েছে, জাকিরুলের সঙ্গে একই ইউনিয়নের হরিপুর এলাকার এক তরুণীর প্রেম ছিল। ঘটনার রাতে মেয়েটির সঙ্গে মুঠোফোনে জাকিরুলের কথা-কাটাকাটি হয়। পরে মেয়েটি জাকিরুলের বড় ভাই জরেজুলকে ফোন দিয়ে কান্নাকাটি করেন।
জরেজুল ইসলাম অভিযোগ করেন, ‘ওই দিন মধ্যরাতে মেয়েটি আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছিল। এরই মধ্যে ফোনের লাইন কেটে যায়। এরপর অনেকবার ফোন দিলেও মেয়েটির ফোন বন্ধ পাই। জাকিরুল রাতে বাড়িতেই ছিল। ভোরে দেখি ওর ঘরের দরজা খোলা, ও নাই। বাইসাইকেল নিয়ে রাতের কোনো একসময় সে বাড়ির সবার অগোচরে বেরিয়ে যায়। এরপর হরিপুর এলাকার লোকজন সকালে ওই তরুণীর বাড়ির পাশের বাঁশঝাড়ে বাইসাইকেল ও জুতা পায়। এগুলো স্থানীয় লোকজন উদ্ধার করে সফিউল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে রাখেন। এখন সেই সাইকেল আর জুতার হদিসও মিলছে না। ধারণা করছি, ওই জুতা ও বাইসাইকেল জাকিরুলেরই।’
এদিকে সফিউলের ভাতিজা হাবিব গত মঙ্গলবার বলেন, ‘চাচা (সফিউল) ঢাকায় থাকেন। বাইসাইকেল ও জুতা চাচার বাড়িতেই ছিল। দুপুরে কে বা কারা সেগুলো চুরি করে নিয়ে গেছে।’
গত মঙ্গলবার হরিপুর গ্রামের ওই তরুণীর বাড়িতে গিয়ে তাঁদের ঘর তালাবদ্ধ পাওয়া যায়। ওই তরুণীর এক চাচি বলেন, ‘বাড়ির লোকজন (তরুণীর বাড়ির) মিঠাপুকুরে আত্মীয়ের বাড়িতে গেছে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়েটার সঙ্গে এক ছেলের সম্পর্ক। তাই তাঁরা বাড়ি ছেড়ে চলে গেছে।’ ওই তরুণী ও তাঁর বাবার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, ‘এ ঘটনায় করা জিডির সূত্র ধরে তদন্ত চলছে। পুলিশ গত মঙ্গলবার ওই মেয়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে। কিছু পায়নি। মেয়ের মা-বাবাকে খোঁজা হচ্ছে।’