প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে ছুরিকাঘাত!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত শনিবার সন্ধ্যায় এক মাদ্রাসাছাত্রীকে (১৩) ছুরিকাঘাত করেছেন মো. নকিব (১৯) নামের এক তরুণ। গুরুতর জখম ওই ছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য শনিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর মহল্লার বাসিন্দা শামসুল হকের ছেলে নকিব দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। এতে মেয়েটি রাজি হয়নি। গত শনিবার সন্ধ্যায় নকিব মেয়েটির বাড়ির সামনে গিয়ে তার ডান ও বাঁ হাতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। এ সময় মেয়েটির চিৎকারে তার মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে নকিব পালিয়ে যায়। স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় গত রোববার রাতে মেয়েটির মা বাদী হয়ে নকিবকে আসামি করে স্থানীয় থানায় মামলা করেছেন।
মঠবাড়িয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বলেন, নকিবকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।