প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে আহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে নিজ বাসার ছাদে স্কুলছাত্রী পূজা বিশ্বাসকে (১৫) কুপিয়ে আহত করা হয়েছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সোমবার সন্ধ্যায় লিটু নামের এক যুবক এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে। পূজাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাসুদুজ্জামান জানান, পূজার বাঁ চোয়ালে ও ডান হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

পূজার বাবা ঝিনাইদহ শহরের উপশহর পাড়ার বাসিন্দা বিপুল কুমার জানান, তাঁর মেয়ে স্থানীয় জমিলা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। তিনি অভিযোগ করেন, এলাকার ভাড়াটে বাবু নামের এক ব্যক্তির শ্যালক লিটু (২২) প্রায়ই তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। স্কুলে যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিতেন। এই প্রস্তাবে সাড়া না দেওয়ায় পূজাকে কুপিয়েছেন লিটু।

হাসপাতালে চিকিৎসাধীন পূজা বলে, সন্ধ্যা ছয়টায় সে নিজেদের বাড়ির ছাদে ছিল। এ সময় প্রাচীর টপকে বখাটে লিটু ছাদে চলে আসেন। লিটু তার হাত ধরে নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে হাতে থাকা ধারালো অস্ত্র গলায় ধরে হত্যার হুমকি দেন লিটু। একপর্যায়ে লিটুর হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে তার চোয়াল ও হাত জখম হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, ঘটনার পর থেকে জড়িত যুবককে আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে।