প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে জখম
প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাগুরার মহম্মদপুর উপজেলায় গত রোববার এক কলেজছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ছাত্রীর বাবা জানান, তাঁর মেয়ে বিএ শেষ বর্ষের ছাত্রী। উপজেলার আড়পাড়া গ্রামের আশিক মোল্লা উচ্চমাধ্যমিকে তাঁর মেয়ের সহপাঠী ছিলেন। পরে তাঁর মেয়ে বিএ শ্রেণিতে ভর্তি হন। কিন্তু আশিক পাস করতে না পারায় আর পড়ালেখা করেননি। কলেজে আসা-যাওয়ার পথে আশিক প্রায়ই তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিতেন। একপর্যায়ে আশিক তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু কোনোটিতেই তাঁর মেয়ে রাজি হননি।
একপর্যায়ে তাঁর মেয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তিনি গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ফকরুল ইসলামের কাছে যান। পরে ফকরুল ইসলামের মাধ্যমে আশিকের গ্রামের ইউপি সদস্য জাফর আলীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে দুই ইউপি সদস্য, তিনি ও কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আশিকদের বাড়িতে গিয়ে বিষয়টি জানান।
ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথমে আশিক উত্ত্যক্ত করার বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করে ক্ষমা চান। ভবিষ্যতে আর মেয়েটিকে জ্বালাতন করবেন না বলে প্রতিশ্রুতিও দেন।
মেয়েটির চাচি বলেন, রাতে মেয়েটি প্রাকৃতিক কাজ সারতে বাইরে বের হন। এ সময় আশিক তাঁর গলায় পোঁচ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মেয়েটি বাধা দেওয়ায় মুখের অন্য অংশ গুরুতরভাবে জখম হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমতাজ মজিদ বলেন, মেয়েটির নাকের ওপর দিয়ে চোখের একটু নিচে মুখের একপাশ থেকে অন্য পাশ পর্যন্ত ধারালো কিছু দিয়ে পোঁচ দেওয়া হয়েছে। ডান কানটি কেটে ঝুলে ছিল। ডান হাতের একটি আঙুলও কেটে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। মোট ৩০টির মতো সেলাই দেওয়া হয়েছে
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যাপারে আমাকে কেউ কিছুই জানায়নি।’