প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে জোর করে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করেছে মাদকাসক্ত এক বখাটে যুবক। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই ছাত্রীর বাড়িতে ভাঙচুর করে ওই বখাটে। ঘটনার আধা ঘণ্টা পর গ্রামবাসীর সহযোগিতায় বখাটের জিম্মিদশা থেকে স্কুলছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্কুলছাত্রীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভুতবাড়ি গ্রামের হবিবর রহমানের মাদকাসক্ত ছেলে আকুল হোসেন (১৯) চার বছর আগে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওই ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন আকুল হোসেন। একপর্যায়ে আকুলের অত্যাচারে ওই ছাত্রীকে লেখাপাড়ার জন্য নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরীক্ষা শেষ করে পাঁচ দিন আগে সে বাবার বাড়িতে এলে আবারও আকুল উত্ত্যক্ত করা শুরু করেন। সোমবার বিকেলে ওই ছাত্রীর মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে আকুল কয়েকজন সহযোগী নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে ভাঙচুর করে তাকে তুলে নিজ বাড়িতে নিয়ে আটকে রেখে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় ছাত্রীর চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে জিম্মিদশা থেকে মেয়েটিকে উদ্ধার করে। আকুলের মারপিটে আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিম আহাদ সুলতানা বলেন, ওই ছাত্রীর শরীরে মারধর ও আঘাতের চিহ্ন আছে। তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আকুলের অত্যাচার সহ্য করতে না পেরে লেখাপড়ার জন্য মেয়েকে তার নানার বাড়িতে পাঠিয়েছি। সেখানে গিয়েও আকুল তাকে উত্ত্যক্ত করত। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তার বিচার করতে পারেনি। এ জন্য গোপনে অন্য একটি ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছি। তবে আনুষ্ঠানিকতা করিনি। দুজনের লেখাপড়া শেষে সব আনুষ্ঠানিকতা করা হবে। বিয়ের কথার শোনার পর আকুল ক্ষুব্ধ হয়ে আমার মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছে এবং ঘরবাড়ি ভেঙে দিয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগের কথা এখন মনে পড়ছে না।’

বর্তমান ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন তালুকদার বলেন, এ ব্যাপারে তাঁকে এখনো কেউ কিছু জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনার কথা আমাকে এখনো কেউ জানায়নি। খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে আকুল পলাতক থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর বড় ভাই খায়রুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।