প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ছুরিকাঘাতের চেষ্টা, দুজনের দণ্ড
এবার ফরিদপুরে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতের চেষ্টা করেছে দুই ছাত্র। শিক্ষার্থীরা ওই দুই ছাত্রকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত দুই ছাত্রকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে ভাঙ্গার সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজ (কে এম কলেজ) প্রাঙ্গণে। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ওই দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে।
গত সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম পরীক্ষার হল থেকে বের হওয়ার পর চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত খাদিজা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন। এ ঘটনার তিন দিন পর ফরিদপুরে এ ঘটনা ঘটল।
ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই ছাত্র হলেন ওই কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের আওয়াল মিয়ার ছেলে সবুজ মাতুব্বর (২০) ও দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ও ভাঙ্গার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে সুজন মোল্লা (২০)।
কলেজের একাধিক শিক্ষার্থীরা জানায়, বেশ কিছুদিন ধরে কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একাদশ শ্রেণির ছাত্র সবুজ। তাঁকে সহযোগিতা করছিলেন দ্বাদশ শ্রেণির ছাত্র সুজন। প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে সবুজ ও সুজন চাকু দিয়ে মেয়েটিকে কোপানোর চেষ্টা করেন। মেয়েটি চিৎকার দিলে অন্য ছাত্ররা এসে সবুজ ও সুজনকে চাকুসহ ধরে অধ্যক্ষের কক্ষে নিয়ে যায়।
খবর পেয়ে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) পূরবী গোলদার কলেজ ক্যাম্পাসে গিয়ে দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পূরবী গোলদার বলেন, উত্ত্যক্ত করায় ও চাকু দিয়ে ভয় দেখানোর দায়ে দণ্ডবিধি ৫০৯ ধারায় দুই ছাত্রকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আদালতের রায়ের পর ওই দুই ছাত্রকে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
সরকারি কাজী মাহবুবউল্লাহ কলেজের অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী জানান, অভিযুক্ত দুই ছাত্রকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।