প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায় পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ চক্রের তিন নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে গতকাল শনিবার এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ফতুল্লার ভুঁইগড় এলাকার নাজমা বেগম (৩৫), একই এলাকার আঁখি আক্তার (২২), কুমিল্লার লাকসাম থানার বড় কেসতলা এলাকার পায়েল (২০), ইছাপুর এলাকার মোবারক হোসেন (২৫) ও লক্ষ্মীপুরের কিতারামপুর এলাকার মো. হাসান (২৫)।
পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানান, গত ১৫ দিনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক তিনটি ঘটনায় তিনজন অপহৃত হন। পরে পুলিশ তাঁদের রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে। এসব ঘটনায় সংঘবদ্ধ চক্রের নারী সদস্যরা মুঠোফোনে ওই ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে মেয়েদের কথামতো তাঁদের দেওয়া ঠিকানায় গেলে প্রতারক চক্র ওই ব্যক্তিদের অপহরণ করে।
পরে তাঁদের ছবি ক্যামেরায় ধারণ করে পরিবারের কাছ থেকে মুঠোফোনে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা আদায় করা হয়। মানসম্মান রক্ষায় তাঁদের পরিবার দাবি অনুযায়ী টাকা পরিশোধ করতে বাধ্য হয়। প্রতারক চক্রটি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে একটি সিম একবার ব্যবহারের পরে তা ফেলে দেয়। এ ব্যাপারে পুলিশ সুপার সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া প্রমুখ।