প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের ফাঁদে ফেলে তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিককে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুলু (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার রাতে নওদাবাস এলাকার শালবনে বুলুসহ পাঁচ যুবক ধর্ষণ করেন ২২ বছর বয়সী ওই তরুণীকে। পরদিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার তরুণী স্থানীয় থানা-পুলিশের কাছে গিয়ে মামলা করেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার গেন্দুকড়ি গ্রাম থেকে আসামি বুলুকে গ্রেপ্তার করে পুলিশ। বুলু ওই গ্রামের সাবেক ইউপি সদস্য রহমানের ছেলে।

থানা-পুলিশের হেফাজতে থাকা ওই গার্মেন্টস কর্মী জানান, ঢাকায় একটি গার্মেন্টসে চাকরির সুবাদে মুঠোফোনে পরিচয় হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাকালিবান্দা বাজারের কাপড় ব্যবসায়ী মানিকের সঙ্গে। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দেন মানিক। প্রতিশ্রুতি পেয়ে গত বুধবার সকালে ঢাকা থেকে হাতীবান্ধা চলে আসেন ওই তরুণী। তরুণীর অভিযোগ, মানিক তাঁকে উপজেলার পারুলিয়া এলাকায় বাস থেকে নামিয়ে একটি বাড়িতে নিয়ে যান। পরে ওই দিন সন্ধ্যার পর বিয়ের আয়োজনের কথা বলে মানিকের সহযোগিতায় গেন্দুকুড়ি গ্রামের বুলু তাঁকে মোটরসাইকেলে করে নওদাবাস গ্রামের একটি শালবনে নিয়ে যান। সেখানে মানিক, বুলুসহ পাঁচজন যুবক রাতভর তাঁকে ধর্ষণ করেন।

আজ শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানা-পুলিশ ধর্ষণের শিকার ওই তরুণীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, ধর্ষণের ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। বুলু নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।