প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়!
প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায়ের অভিযোগে বরগুনার আমতলী উপজেলায় গতকাল শুক্রবার এক নারীসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন আমতলীর কুলাইরচর গ্রামের সোহেল মৃধার স্ত্রী রিয়া মণি ও তাঁর দেবর জুয়েল মৃধা।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, উপজেলার কুলাইরচর গ্রামের মোটরসাইকেলচালক সোহেল মৃধার স্ত্রী রিয়া মণি দীর্ঘদিন ধরে মুঠোফোনে প্রেমের ফাঁদে ফেলে লোকজন থেকে মুক্তিপণ আদায় করে আসছেন। দুই মাস ধরে পটুয়াখালীর রাঙাবালি উপজেলার চরবিশ্বাস গ্রামের ছয়জুদ্দিন শিকদারের ছেলে চান মিয়ার সঙ্গে মুঠোফোনে রিয়া মণি প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়া মণি চান মিয়াকে তাঁর সঙ্গে দেখা করার জন্য আমতলীর কুলাইরচর গ্রামে আসতে বলেন। চান মিয়া রিয়া মণির কথামতো মোটরসাইকেলে আমতলীর কাঁঠালিয়া বাজারে আসেন। সেখান থেকে রিয়া মণির দেবর জুয়েল কুলাইরচর গ্রামে নিয়ে যান চান মিয়াকে। সেখানে নিয়ে একটি পরিত্যক্ত দোকানঘরে তাঁকে আটকে রাখেন। রাত আটটার দিকে রিয়া মণির স্বামী সোহেল মৃধা, ছোট ভাই জুয়েল, খালাতো ভাই জাকির ও বন্ধু তোফাজ্জেল মিয়া নির্জন স্থানে নিয়ে চান মিয়ার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা চান মিয়াকে মারধর করেন এবং মেরে ফেলার হুমকি দেন।
প্রাণভয়ে চান মিয়া তাঁর পরিবারের লোকজনকে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর জন্য ফোন দেন। পরিবারের লোকজন বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা পাঠালে ওই টাকা দেওয়ার পর রাত দুইটার দিকে চান মিয়াকে চোখ বেঁধে কাঁঠালিয়া বাজারে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর চান মিয়া চিৎকার দেন। পরে এলাকার লোকজন এসে জড়ো হলে চান মিয়া ঘটনা খুলে বললে লোকজন স্থানীয় ইউপি সদস্য মাহতাব মিয়াকে বিষয়টি জানান।
গতকাল শুক্রবার সকাল আটটার দিকে রিয়া মণির দেবর জুয়েল মৃধা কাঁঠালিয়া বাজারের একটি দোকানে বিকাশে পাঠানো ওই টাকা তুলতে এলে বাজারের লোকজন জুয়েলকে আটকে রিয়া মণিকে টাকা নেওয়ার জন্য খবর দেন। রিয়া মণি টাকা আনতে গেলে তাঁকে স্থানীয় লোকজন আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ রিয়া মণি ও তাঁর দেবর জুয়েলকে আটক করে থানায় নিয়ে যায়।
জুয়েল মৃধা বিকাশে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘চান মিয়াকে আমরা তেমন মারধর করিনি। কয়েকটি কিল-ঘুষি দেওয়া হয়েছে।’
রিয়া মণি বলেন, ‘দুই বছর আগে চান মিয়া আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার কাছ থেকে ১৯ হাজার টাকা নিয়েছে। ওই টাকা আদায় করার জন্য ম তাঁকে ডেকে এনেছি। ৮ হাজার টাকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
আমতলী থানার ওসি মো. শহীদ উল্লাহ বলেন, তিনজনকে থানায় আনা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।