প্রেমের সম্পর্কের জের ধরে কিশোরীকে হত্যা?
শেরপুর সদর উপজেলায় মিতু (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেলে সদর থানা-পুলিশ বলাইয়েরচর ইউনিয়নের রামেরচর গ্রামের একটি লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করে। লাশটি একটি গাছের নিচে বসা অবস্থায় ছিল।
মিতু উপজেলার রামেরচর গ্রামের দিনমজুর মো. মিজানের মেয়ে। প্রেমের সম্পর্কের জের ধরে মিতুকে হত্যার পর লাশটি ওই বাগানে ফেলে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিতুর সঙ্গে প্রতিবেশী এক তরুণের (২৫) প্রেমের সম্পর্ক ছিল। দুই-তিন দিন আগে ওই তরুণ মিতুকে বাড়ি থেকে ডেকে নিয়ে অন্যত্র নিয়ে যান। এরপর গতকাল শুক্রবার দিনের বেলায় ওই যুবক মিতুকে তার বাবার বাড়িতে দিয়ে যান। পরে ওই দিন রাতে মিতু ওই যুবকের বাড়িতে যায়। এরপর শনিবার বেলা তিনটার দিকে স্থানীয় এলাকাবাসী রামেরচর গ্রামের লেবু বাগানের একটি গাছের নিচে মিতুর লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে শনিবার বিকেল পাঁচটার দিকে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় রশি বাঁধা ছিল। মিতুর লাশ পাওয়ার খবর জানাজানি হলে ওই যুবক ও তাঁর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের জের ধরে ওই কিশোরীকে হত্যার পর লেবু বাগানে লাশ ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে।