প্রেরককে খুঁজে পাওয়া যায়, প্রাপককে নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে মোড়ানো একটি প্যাকেট। এর ভেতরে এক লাখ ইয়াবা বড়ি। প্যাকেটটির গায়ে প্রেরকের জায়গায় লেখা আমিন। নামের নিচে একটি মুঠোফোন নম্বর লেখা। প্রাপকের জায়গায় লেখা আনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ। পূর্ণাঙ্গ ঠিকানা নেই। তবে একটি মুঠোফোন নম্বর রয়েছে। মুঠোফোনের সূত্র ধরে পুলিশ প্রেরককে গ্রেপ্তার করতে পারলেও প্রাপককে খুঁজে পাচ্ছে না।
২০১৫ সালের ২৮ নভেম্বর চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার ধনিয়ালাপাড়ায় এসএ পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গুদাম তল্লাশি করে প্যাকেটটি উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে আমিন ও আনোয়ারা বেগম এবং পাচারে সহযোগিতার অভিযোগে ওই কুরিয়ার সার্ভিসের ধনিয়ালাপাড়া শাখার ব্যবস্থাপক এম এ মবিন ও কর্মকর্তা শামসুদ্দিন আহম্মেদকে আসামি করে ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটি প্রথমে তদন্ত করেন ডবলমুরিং থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। গত বছরের ৩ জানুয়ারি ইয়াবার প্যাকেটটির প্রেরক ছৈয়দুল আমিন ওরফে শহিদুল আমিনকে গ্রেপ্তার করেন তিনি। তাঁকে বদলি করা হলে মামলার তদন্তের দায়িত্ব পান থানার আরেক উপপরিদর্শক (এসআই) কায়সার হামিদ। গত বছরের ৯ মে ছৈয়দুল আমিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি। এতে উল্লেখ করা হয়, আনোয়ারা বেগমের সঠিক ঠিকানা না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যায়নি, যে কারণে এই মামলায় তাঁকে অভিযুক্ত করা গেল না। একই সঙ্গে এজাহারভুক্ত আসামি এম এ মবিন ও শামসুদ্দিন আহাম্মদের বিরুদ্ধে ইয়াবা পাচারে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাঁদেরও এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেন তিনি।
গত বছরের ১৮ জুলাই আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে এক আদেশে উল্লেখ করেন, মামলার এজাহারে নাম ও মুঠোফোন নম্বর থাকার পরও ইয়াবাগুলোর প্রাপক সেই নারীকে কেন পুলিশ শনাক্ত করতে পারেননি তা বোধগম্য নয়। এ অবস্থায় মামলাটি গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দেওয়া হলো।
পাঁচ মাস তদন্ত করে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান গত ডিসেম্বর মাসে আদালতে দ্বিতীয় দফায় অভিযোগপত্র জমা দেন। আগের তদন্ত কর্মকর্তার মতো তিনিও শুধু ছৈয়দুল আমিনকে আসামি করেন।
২৬ জানুয়ারি আদালতে প্রতিবেদনটি গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে। প্রেরকসহ এ মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামিই এখন জামিনে রয়েছেন।
তদন্ত কর্মকর্তা মোমিনুল হাসান বলেন, প্রাপক আনোয়ারা বেগমের ঠিকানা না পাওয়ায় তাঁকে আসামি করা যায়নি। প্রেরক আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেও ওই নারীকে শনাক্ত করা যায়নি।
প্রাপককে খুঁজে না পাওয়ার বিষয়ে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, তদন্তে পুলিশ কী পেয়েছে জানি না। কোনো আসামিকে বাদ দেওয়া হলে, মূল আসামি শনাক্ত না হয়ে থাকলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আদালতকে জানাবেন।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, পুলিশ মুঠোফোন নম্বরের সূত্র ধরে প্রেরককে গ্রেপ্তার ও শনাক্ত করেছে। তাঁকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই ইয়াবাগুলোর প্রাপক সেই নারীকে শনাক্ত করতে পারত। তাঁর মুঠোফোন নম্বরও রয়েছে। এসব ত্রুটি চিহ্নিত করে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশ তদন্তে কিছুই বের করতে পারেনি। তাই আবারও নারাজি দেওয়া হবে।