প্রেসক্লাবে ঢুকে তত্ত্বাবধায়ককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মঞ্জু সরদারকে (৫০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার প্রেসক্লাব কার্যালয়ে ঢুকে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কোপায়।
গুরুতর আহতাবস্থায় মঞ্জু সরদারকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঞ্জু আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে।
মঞ্জু সরদারের ছেলে বেল্লাল হোসেন বলেন, গতকাল সকাল ১০টার দিকে সন্ত্রাসী সবুজের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজ ও তার সহযোগী মেহেদী, ইমরানসহ বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁকে (বেল্লাল) বেধড়ক পেটায়। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে মা বিউটি বেগমকেও (৪৫) মারধর করে সন্ত্রাসীরা। তাঁর বাবা মঞ্জু সেখানে গিয়ে সবুজকে ধাক্কা দিলে সবুজ তাঁর ওপরও চড়াও হয়। পরে এর জের ধরে বেলা ১১টার দিকে ধারালো অস্ত্রসহ সবুজ ও তার সহযোগীরা প্রেসক্লাবে ঢুকে তাঁর বাবাকে কুপিয়ে আহত করে।
আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম জানান, হামলার বিষয়টি আমতলী থানাসহ প্রশাসনকে জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ঘটনার খবর পেয়েই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।