প্রেসক্লাবের সামনে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আটক
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে আজ শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ১০ জন হলেন রঞ্জিত সরকার, মোর্শেদ, বিপ্লব ঘোষ, হোসেন আলী, রাজন, আলমাস, খোকন, জসিম, ফিরোজ ও জুলহাস।
সকালে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা ছাত্রদল। এই সমাবেশে যোগ দেওয়ার সময় সকাল পৌনে ১০টার দিকে প্রেসক্লাবের ফটকের সামনে থেকে এঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে খবর ছিল যে এঁদের বিরুদ্ধে নিজ নিজ থানায় একাধিক মামলা রয়েছে। এই তথ্যের ভিত্তিতে এঁদের আটক করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় খবর পাঠিয়েছি। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’