প্রয়াত সাংবাদিক আখ্তার-উল্-আলমের মেয়েকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক ইত্তেফাক-এর প্রয়াত ভারপ্রাপ্ত সম্পাদক আখ্তার-উল্-আলমের মেয়ে ফাহমিদা আক্তারকে (৪৭) তাঁর নিজ ফ্ল্যাটে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টের ফ্ল্যাট থেকে তাঁর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফাহমিদা আক্তার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল্-আলমের ছোট বোন। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহমিদা ছিলেন দ্বিতীয়। তাঁর স্বামী গোলাম রব্বানী বাহরাইনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। একমাত্র ছেলে সিরাতুল মুস্তাকিম যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। মহানগর প্রজেক্টের ৫ নম্বর সড়কের একটি বাড়ির পাঁচতলার ফ্ল্যাটে একাই থাকতেন ফাহমিদা।
রামপুরা থানার পুলিশ জানায়, ফাহমিদা আক্তারের গৃহকর্মী সাবিহা বেগম কাজ করার জন্য গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই ফ্ল্যাটে গিয়ে অনেকক্ষণ কলবেল চাপেন এবং দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সাবিহা বাড়ির নিরাপত্তাকর্মীর মাধ্যমে ফাহমিদার মুঠোফোনে ফোন করেন। কিন্তু রিং হলেও কেউ ধরেননি। তাঁরা বিষয়টি বাড়ির কয়েকজন বাসিন্দাকে জানান। পরে একজন সজোরে কয়েকটি লাথি মারলে দরজা খুলে যায়। ভেতরে গিয়ে তাঁরা দেখেন, শয়নকক্ষের মেঝেতে হাত-পা বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছেন ফাহমিদা।
লাশের সুরতহাল প্রস্তুতকারী রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ফাহমিদা আক্তারের হাত ওড়না ও পা গামছা দিয়ে বাঁধা ছিল। গলায় ওড়না প্যাঁচানো, ঘাড় মটকানো ছিল। নাক-মুখ-চোখে ছিল মরিচের গুঁড়া। ধারণা করা হচ্ছে, গত বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত যেকোনো সময়ে তাঁকে শ্বাসরোধে ও ঘাড় মটকে হত্যা করা হয়েছে। বাসার একটি মাটির পাত্রে বেশ কিছু সিগারেটের অবশিষ্টাংশ পাওয়া গেছে।
পুলিশ জানায়, ফাহমিদার মুঠোফোনটি পাওয়া যায়নি। এ ছাড়া বাসা থেকে কোনো কিছু লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। তবে পাশের কক্ষের ওয়ার্ডরোবের কাপড়চোপড় মেঝেতে তছনছ অবস্থায় ছিল। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফাহমিদা আক্তারের দেবর গোলাম সুফিয়ানসহ কয়েকজন স্বজন জানান, ঘটনার ব্যাপারে তাঁরা কিছু ধারণা করতে পারছেন না। ফাহমিদার স্বামীকে ঘটনা জানানো হয়েছে। তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
গৃহকর্মী সাবিহা ও বাড়ির নিরাপত্তাকর্মী আবদুর রবকে জিজ্ঞাসাবাদের জন্য রামপুরা থানায় নেওয়া হয়। থানায় সাবিহা প্রথম আলোকে বলেন, প্রতিদিন রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিনি ফাহমিদার বাসায় কাজ করেন। তিনি গেলে ফাহমিদা দরজা খুলতেন। বুধবার রাতেও কাজ করে সাড়ে ১০টার দিকে ওই বাসা থেকে এসেছেন। তখন বাসায় ফাহমিদা একাই ছিলেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে গিয়ে কলবেল চেপে এবং দরজা ধাক্কিয়েও কোনো সাড়া না পেয়ে চলে আসেন। তিনি ফাহমিদার পাশের ফ্ল্যাটে সকালে কাজ করেন। এটিতে ব্যাচেলররা থাকেন। গতকাল সকালে ব্যাচেলরদের ফ্ল্যাটে কাজ করতে গিয়ে তিনি আবারও ফাহমিদার ফ্ল্যাটের কলবেল চাপেন এবং দরজা ধাক্কা দেন। কিন্তু কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে বিষয়টি নিরাপত্তাকর্মীসহ আশপাশের লোকজনকে জানানো হয়।
ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তাদের ধারণা, বৃহস্পতিবার রাতে দরজা ভেতর থেকে আটকানো ছিল। গতকাল ছিল কিছুটা আটকানো। এ কারণে জোরে ধাক্কা দেওয়ায় দরজা খুলে গেছে।
নিরাপত্তাকর্মী রব জানান, বাড়িতে কেউ এলে তিনি নাম-পরিচয় নেন। এরপর সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দার সঙ্গে কথা বলে অনুমতি পেলে তিনি আগত ব্যক্তিদের ওপরে উঠতে দেন। ফাহমিদার ফ্ল্যাটেও আত্মীয়স্বজন ছাড়া অপরিচিত কেউ আসতেন না। গত এক-দুই দিনে ওই ফ্ল্যাটে কেউ আসেননি।
গতকাল বেলা দুইটার দিকে ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা আলামত সংগ্রহ করছেন। খবর পেয়ে এসেছেন স্বজনেরা। তাঁদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ ছাড়া খবর পেয়ে ছুটে যান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অন্য কর্মকর্তারা। বিকেল চারটার দিকে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ফাহমিদার এক নারী স্বজন বলেন, বুধবার রাত ১০টার দিকে মুঠোফোনে ফাহমিদার সঙ্গে তাঁর কথা হয়েছিল। আজ শনিবার তাঁর উত্তরার বাসায় যাওয়ার কথা ছিল ফাহমিদার।
ফাহমিদার ফ্ল্যাটের পাশে আরও দুটি ফ্ল্যাট। এর একটি ছিল তালাবদ্ধ। অপর ফ্ল্যাটের বাসিন্দা রায়হান খান বলেন, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন। তাঁরা তিনজন মিলে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। একজন এক মাস আগে চট্টগ্রামে গেছেন। আরেকজন এখনো ওঠেননি। এক মাস ধরে তিনি ফ্ল্যাটে একাই আছেন। পাশের ফ্ল্যাটে (ফাহমিদার) কেউ এসেছিল কি না, তা তিনি জানেন না। ওই ফ্ল্যাট থেকে সন্দেহজনক কোনো শব্দও পাননি তিনি।
তালাবদ্ধ ফ্ল্যাটের বিষয়ে জানতে চাইলে রায়হান বলেন, সেখানে মাঝে মাঝে এক লোককে আসতে দেখেন। তবে সেখানে কয়জন থাকেন তা জানেন না। গতকাল সকাল থেকে ফ্ল্যাটটি তালাবদ্ধ।
সন্ধ্যায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তালাবদ্ধ ফ্ল্যাটের বাসিন্দার নাম-পরিচয় নেওয়া হচ্ছে। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি।