প্রয়োজনকেও যেখানে আইন মানতে হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ‘এফবি আশীর্বাদ’ ও ‘এফবি মনীষা’ নামের মাছ ধরার দুটি ট্রলারে করে মাছ ধরছিলেন ৫৩ জন জেলে। গতকাল রোববার ভোররাতে হঠাৎ করে ঝড় শুরু হয়। ঝড়ের কবল থেকে জানমাল রক্ষায় ট্রলার দুটি পশুর চ্যানেলে ঢুকে পড়ে। 

পশুর চ্যানেলে যেকোনো ধরনের ছোট ইঞ্জিনচালিত নৌযান চলাচল নিষিদ্ধ। তাই অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলার দুটির বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সুন্দরবনের চাঁদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিউর রহমান আজ সোমবার সন্ধ্যায় মামলা ও অর্থদণ্ড করার বিষয়টি নিশ্চিত করেছেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, পশুর ও শিবসা নদীর দুইপাড়ে সুন্দরবন রয়েছে। সুন্দরবনের সম্পদ সুরক্ষায় ছয় মাস আগে পশুর ও শিবসা নদীপথে সুন্দরবনের ভেতরে সব ধরনের ছোট ইঞ্জিনচালিত নৌকা-ট্রলার চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। সম্প্রতি সুন্দরবনে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে এই দুটি চ্যানেল দিয়ে সব ধরনের ট্রলার নৌকা চলাচল মৌখিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
মামলা ও অর্থদণ্ডের শিকার এফবি আশীর্বাদের মাঝি কালু মিঞা বলেন, রোববার ভোররাতে ঝড় শুরু হলে ঝড়ের হাত থেকে নিজেদের জীবন ও ট্রলার রক্ষার স্বার্থে তিনি ট্রলার নিয়ে পশুর চ্যানেলে ঢুকে পড়েন। কিন্তু বন বিভাগ জরুরি দুর্যোগ পরিস্থিতির বিষয়টি বিবেচনায় না নিয়ে তাঁদের হয়রানি করেছে।
কালু মাঝি আরও বলেন, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তরের কোনো সতর্ক সংকেত ছিল না। আবহাওয়াও ভালো ছিল। তার ট্রলারসহ দুই শতাধিক ট্রলার বঙ্গোপসাগরের ডুবোজাহাজ পয়েন্টের বাইরে পশুর চ্যানেলের কাছাকাছি স্থানে অবস্থান করছিল। ঝড় শুরু হলে নিরাপদ আশ্রয় পেতে পশুর চ্যানেলে ঢুকে পড়া তাদের জন্য নিরাপদ ছিল। কিন্তু বন বিভাগের মৌখিক নিষেধাজ্ঞার কারণে অধিকাংশ ট্রলার মহিপুর, পাথরঘাটা ও কুয়াকাটার দিকে চালাতে শুরু করে। কিন্তু এতে ওই ট্রলারগুলো ঝড়ের কবলে পড়ে। এতে কয়েকটি ট্রলার ডুবে যায়। ওই মাঝির দাবি, নিষিদ্ধ করে না রাখলে ট্রলারগুলো পশুর চ্যানেলে ঢুকতে পারলে ঝড়ে মৎস্যজীবীদের ক্ষতি আরও কম হতো।
এ ব্যাপারে জানতে চাইলে বঙ্গোপসাগরে মাছ ধরা জেলেদের সংগঠন দুবলা ফিশারমেন গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাহানূর রহমান শাহীন বলেন, জরুরি প্রয়োজনে বিকল্প পথ হিসেবে পশুর চ্যানেল বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত রাখা উচিত। বিপদের মুখে পড়ে আশ্রয় নিতে আসা মাছ ধরার ট্রলারকে এ ভাবে জরিমানা করায় এবং এই সিদ্ধান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে বন বিভাগের পক্ষ থেকে তাঁদেরকে জানানো না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
দুর্যোগকালীন সময়ে এই দুটি চ্যানেল ব্যবহারে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে কি না—এ ব্যাপারে জানতে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাঈদুর রহমান ও চাঁদপাই রেঞ্জের সহকারী বন কর্মকর্তা বেলায়েত হোসেনের সঙ্গে একাধিক বার কথা বলার চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।