প্লাস্টিকের চোখ সংযোজন, দেখতে পাবেন না সুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতনের শিকার সুখী আক্তারের ডান অক্ষিগোলকে একটি প্লাস্টিকের চোখ বসানো হয়েছে। তবে এটা দিয়ে তিনি কিছুই দেখতে পাবেন না। বাঁ চোখের দৃষ্টিশক্তিও ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
সুখী বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইও) মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বোর্ডের সদস্য ও এনআইওর সহযোগী অধ্যাপক আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, সুখীর একটি চোখ অক্ষিগোলক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। সেখানে প্লাস্টিকের একটি চোখ বসানো হয়েছে। তিনি আরও জানান, বাঁ চোখের মূল স্নায়ুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই চোখে যেন তিনি দেখতে পান সে জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সুখী ঘটনায় এতটাই বিহ্বল, চিকিৎসকদের কথার তেমন কোনো উত্তর দেননি।
সুখীর স্বামী রবিউল ভাইবোনের সহযোগিতায় গত শুক্রবার ইলেকট্রিক টেস্টার দিয়ে তাঁর একটি চোখ তুলে নেয়। অন্যটি উপড়ে নেওয়ার সময় আশপাশের লোকজন এসে সুখীকে উদ্ধার করে। সুখী স্বামীর সঙ্গে সাভারের জিঞ্জিরায় একটি ভাড়া বাসায় থাকতেন। সুখী জানিয়েছেন, যৌতুকের জন্য আগেও তাঁর ওপর নির্যাতন চালাত রবিউল। ঘটনার পরপরই রবিউলকে পুলিশের কাছে সোপর্দ করে বাড়ির আশপাশের লোকজন। একমাত্র সন্তান সাত বছরের মেয়েটি সুখীর মা-বাবার কাছে।
গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, চোখ হারিয়ে এখন অনেকটাই নির্বাক সুখী। একটিতে চোখ উপড়ানোর যন্ত্রণা, অন্যটিতে আর কখনো দেখতে না পারার আশঙ্কায় ভুগছেন তিনি। আর তাঁর আত্মীয়স্বজনদের দিন কাটছে হা-হুতাশ করে।

সুখীর বাবা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ‘একটা চোখে সুখী আর দেখত না। অন্যটায় দেখব ডাক্তাররা সিউর দিতে পারতাছে না। আমি আর কয়দিন আছি! মইরা গেলে দেখব কে?’
গতকাল দুপুরের দিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে একদল কর্মকর্তা হাসপাতালে সুখীকে দেখতে যান। নারী নির্যাতন প্রতিরোধকল্পে সরকারের মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (ওসিসি) থেকেও প্রতিনিধিরা যান। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন জাহান আফরোজ বলেন, মন্ত্রণালয় থেকে সুখী ও তাঁর পরিবারকে সব ধরনের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক জালাল আহমেদ প্রথম আলোকে বলেন, সুখীর একটি চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে। অন্য চোখটির ভেতরের স্নায়ুগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখ ছাড়া অন্য অঙ্গপ্রত্যঙ্গে স্নায়ু ক্ষতিগ্রস্ত হলেও সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে আসে। কিন্তু চোখের স্নায়ু খুবই সংবেদনশীল। এগুলো ঠিক হবে কি না, এখনই বলা সম্ভব হচ্ছে না।