প্লাস্টিকের ঝুড়িতে ৭০ হাজার ইয়াবা বড়ি
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে প্লাস্টিকের ঝুড়িতে থাকা ৭০ হাজার ইয়াবা বড়ি ও একটি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ রোববার ভোর চারটার দিকে বিজিবির দমদমিয়ার তল্লাশি চৌকির একটি বিশেষ টহলদল এগুলো আটক করে।
টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, আজ রোববার ভোররাতে বরইতলী খাল দিয়ে একটি নৌকা আসতে দেখে তাদের থামার সংকেত দিলে নৌকায় থাকা তিনজন লোক পানিতে নেমে ডুব দিয়ে পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে প্লাস্টিকের একটি ঝুড়ির ভেতর থেকে ৭০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দুই কোটি ১০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।