প্ল্যাটফর্ম দখল করে অবৈধ কারেন্ট জালের হাট
নাটোরের নলডাঙ্গা উপজেলা নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম দখল করে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কারেন্ট জালের হাট বসানো হচ্ছে। নলডাঙ্গা হাটের ইজারাদারেরা অবৈধভাবে এ ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনও নীরব।
এ ব্যাপারে নলডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার আকতার আলী বলেন, রেল কর্তৃপক্ষকে না জানিয়ে প্রভাবশালী ব্যক্তিরা প্ল্যাটফর্মে অবৈধভাবে কারেন্ট জালের হাট বসিয়েছেন। এ কারণে তাঁরা বিব্রত ও অসহায়। তাঁরা হাটটি বন্ধ করার চেষ্টা করছেন।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, নলডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে ছাউনির পর থেকে বিশাল অংশে কারেন্ট জালের হাট। হাটটির কারণে ট্রেনে যাত্রী ও মালামাল ওঠানো-নামানোয় অসুবিধা হচ্ছে।
মসলেম উদ্দিন নামের একজন কারেন্ট জাল বিক্রেতা বলেন, বর্ষা মৌসুমে তিনি প্রতি হাটে এখানে জাল বিক্রি করতে আসেন। এ জন্য তাঁকে ইজারা বাবদ ১০০ টাকা করে দিতে হয়। প্ল্যাটফর্মের পাশে নলডাঙ্গা হাট। সেখানকার ইজারাদারের লোকজন এ টাকা নেন। সপ্তাহের শনি ও মঙ্গলবার এখানে হাট বসে।
নলডাঙ্গা হাটের ইজারদারদের হিসাবরক্ষক রফাতল্লা বলেন, দিনে ২ হাজার ৪০০ টাকায় তাঁরা উকিল হোসেন নামের এক ব্যক্তির কাছে হাটটি সাব-লিজ দিয়েছেন।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও উকিল হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে নলডাঙ্গা হাট পরিচালক পর্ষদের সদস্য ও অন্যতম ইজারাদার আকতার হোসেন বলেন, তাঁরা কারেন্ট জালের হাটের সঙ্গে জড়িত নন। তাঁদের হাটে তাঁরা কোনো অবৈধ পণ্য তুলতে দেন না।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদ বলেন, ‘আমি অসুস্থ হয়ে ছুটিতে আছি। আগামী হাটের দিন অবৈধ কারেন্ট জালের হাটসহ জালের প্রতিটি দোকানে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজা হাসান প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ কারেন্ট জালের হাট বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।