পড়বি তো পড় মালির ঘাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিমের বাড়িতে চুরি করতে এসে গ্রেপ্তার হয়েছে এক যুবক। গতকাল শনিবার ওই কর্মকর্তার জেলা শহরের আদর্শপাড়ার বাসভবনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম বাবলু হোসেন (২৮)। তার বাড়ি লালমনিরহাট শহরের রসুলপুর ডাইলপট্টিতে।
পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহিম ঘটনার সময় বাসায় ছিলেন না। তিনি অফিসে ছিলেন। গতকাল সকালে বাসার সামনের দরজা খোলা পেয়ে বাবলু হোসেন চুরি করার জন্য ঢুকে পড়ে।
আবদুর রহিমের স্ত্রী শামছুন্নাহার বীণা বলেন, ‘ঘটনার সময় আমি রান্নাঘরে ব্যস্ত ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে রান্নাঘর থেকে খাবারঘরে এসে দেখতে পাই শৌচাগারের দরজায় অপরিচিত এক যুবক দাঁড়িয়ে আছে। আমি কে কে বলে চিৎকার করে উঠলে বাসার গার্ড মারুফুজ্জামান দৌড়ে এসে তাকে জাপটে ধরে।’
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারের বাসার পাহারার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মারুফুজ্জামান বলেন, ‘আমি আটক যুবকের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে বাসার বেসিনের পানির কল, বাথরুমের ঝরনাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি। পরে ঘটনাটি মুঠোফোনে অতিরিক্ত পুলিশ সুপার স্যারকে জানালে তিনি থানায় মামলা করতে বলেন।’
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, পুলিশ কনস্টেবল মারুফুজ্জামান চুরির অভিযোগে বাবলু হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানাহাজতে বাবলু হোসেন বলে, ‘আমি নেশা করি। নেশার টাকা জোগাড় করতে ওই বাসার দরজা খোলা পেয়ে চুরি করার জন্য ঢুকে পড়ি। আমি জানতাম না এটা পুলিশ অফিসারের বাসা।’