ফকিরহাটে ছাত্রলীগ নেতার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মাছের ব্যবসায়ী ফকির কাওসার আলীকে (৩৭) পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার সকাল ১০টার দিকে ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়তের মেসার্স দূতি ফিশের সামনে এ ঘটনা ঘটে।

হামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার বিশ্বরোডের মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন এবং উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ আশ্বাস দিলে প্রায় তিন ঘণ্টা পর তাঁরা অবরোধ তুলে নেন।

ছাত্রলীগ তাদের সভাপতির ওপর হামলার জন্য বিএনপিকে দায়ী করেছে। তবে বিএনপির দাবি, অভ্যন্তরীণ কোন্দলে নিজেরা মারামারি করে বিএনপির ওপর দায়ভার চাপানোর চেষ্টা করা হচ্ছে।

আহত কাওসারের বড় ভাই ও বাহিরদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির রেজাউল করিম জানান, প্রতিদিনের মতো তাঁর ছোট ভাই ফকির কাওসার আলী ফলতিতা মৎস্য আড়তে যান। নিজ মালিকানাধীন মেসার্স দূতি ফিশের সামনে পৌঁছালে তিনি এলাকার চিহ্নিত মাছচোর হালিমকে দেখতে পান। মাছ চুরির একটি ঘটনার বিষয়ে জানতে চাইলে হালিম ক্ষুব্ধ হয়ে তাঁর সহযোগীদের নিয়ে লাঠি দিয়ে কাওসারের মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হালিম পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ফকিরহাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবু অভিযোগ করেন, ‘হালিম চিহ্নিত মাছচোর এবং বিএনপিদলীয় সন্ত্রাসী। হালিম ও তাঁর সহযোগীরা লাঠি দিয়ে পিটিয়ে ফকির কাওসার আলীর মাথা ফাটিয়ে দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আমরা শান্তিপূর্ণ সড়ক অবরোধ কর্মসূচি পালন করি। প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিই। বিএনপির কার্যালয় ভাঙচুরকারীদের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শরীফুল কামাল বলেন, ‘হালিম বিএনপির কেউ নন। তাই হালিমকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরা মারামারি করেছে এবং বিএনপির কার্যালয়ের আসবাব ভাঙচুর করে মালামাল লুট করেছে।’